News71.com
 Bangladesh
 02 Feb 17, 09:21 PM
 275           
 0
 02 Feb 17, 09:21 PM

সুন্দরবন থেকে ৪৩ টি কুমিরের বাচ্চা চুরির অপরাধে ১ বনকর্মীকে বরখাস্ত ।।

সুন্দরবন থেকে ৪৩ টি কুমিরের বাচ্চা চুরির অপরাধে ১ বনকর্মীকে বরখাস্ত ।।

নিউজ ডেস্কঃ পূর্ব সুন্দরবন বিভাগের করমজলে সরকারিভাবে একমাত্র বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ৪৩টি কুমিরের বাচ্চা চুরি বা পাচার হয়েছে। এ ঘটনায় করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে বনকর্মী (লস্কার) মাহাবুব হোসেনকে সাময়িক বরখান্ত করা হয়েছে। এবং জাকির হোসেন নামে এক অস্থায়ী কর্মচারীকে চাকুরীচ্যুত করা হয়েছে। বন বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত এই কুমির প্রজনন কেন্দ্রে ২৭৭টি কুমিরের বাচ্চা ছিল। চুরি বা পাচার হবার পর এখন ২৩৪ টি কুমির রয়েছে। এদিকে ঘটনা তদন্তে সুন্দরবন পূর্ব বিভাগের চাদঁপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মেহেদীজ্জামানকে প্রধান করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সুন্দরবনের কুমিরের বিলুপ্তপ্র্রায় লবণ পানির প্রজাতির কুমিরের প্রজনন বৃদ্ধি ও সংরক্ষনের জন্য ২০০২ সালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজলে প্রায় ৩২ লাখ টাকা ব্যয়ে গড়ে তোলা হয় দেশের একমাত্র এই বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রটি। চুরি বা পাচার হবার পর বর্তমানে করমজল কুমির প্রজনন কেন্দ্রে রোমিও নামে ১টি পুরুষ, জুলিয়েট ও পিলপিল নামের ২টি মা কুমির ও ২৩৪টি বাচ্চা কুমির রয়েছে।

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মো: মেহেদীজ্জামান জানান, করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের দুইটি প্যান (কৃত্রিম পুকুর) থেকে ৪৩ কুমিরের বাচ্চা চুরি বা পাচার হয়ে গেছে। ১ ফেব্রুয়ারি সকালে ওই দুইটি প্যানে থাকা কুমিরের বাচ্চা গণনা করে ৪৩টি কম পাওয়া যায়। পরে সেখানকার দায়িত্বরত কর্মকর্তাকে বিষয়টি জানানোর পর ওই দিন দুপুরে পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো: সাইদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে এক সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেন।

এসিএফ মো: মেহেদীজ্জামান আরও বলেন, কোন হিংস্র প্রাণীভোগী প্রাণী যদি প্যানে ঢুকে বাচ্চাগুলোকে আক্রমন করতো কিংবা খেয়ে ফেলতে তাহলে সেখানে হাড়, মাংস, অন্যান্য অঙ্গ-প্রতঙ্গ ও রক্ত দেখা যেত। এমন কোন আলামত সেখানে পাওয়া যায়নি। প্রায় এক বছর বয়সী এই কুমিরের বাচ্চাগুলো চুরি কিংবা পাচার করে দেয়া হয়েছে। চীন- মিয়ানমার- লাওস ও থাইল্যান্ড সীমান্তের গোল্ডেন ট্রায়াংগল নামের আর্ন্তজাতিক চোর বাজারে কুমিরের বাচ্চার চড়া মূল্য রয়েছে। একটি সংঘবদ্ধ চক্র এই চুরি ও পাচার কাজের সাথে জড়িত রয়েছে বলে ধারনা করা হচ্ছে।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম বলেন, ১ ফেব্রুয়ারি সকালে কুমিরের বাচ্চাগুলো চুরি যাবার বিষয়টি জানতে পেরে আমি ওইদিনই ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন