News71.com
 Bangladesh
 02 Feb 17, 10:12 PM
 218           
 0
 02 Feb 17, 10:12 PM

দেশে বিনিয়োগ বাড়াতে কিছু আইনের সংশোধন প্রয়োজন ।। আইনমন্ত্রী আনিসুল হক

দেশে বিনিয়োগ বাড়াতে কিছু আইনের সংশোধন প্রয়োজন ।। আইনমন্ত্রী আনিসুল হক

নিউজ ডেস্কঃ আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কিছু আইন আছে যেগুলো বিনিয়োগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দেশে বিনিয়োগ বাড়াতে ওই আইনগুলোর পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন প্রয়োজন। তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে বিনিয়োগ বৃদ্ধির কোনো বিকল্প নেই। কিন্তু কিছু আইনগত জটিলতায় বিনিয়োগ বিলম্বিত হচ্ছে । আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দফতরে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। মন্ত্রী বলেন, বিনিয়োগ ত্বরান্বিত করতে আন্তর্জাতিক মানের ইনভেস্টমেন্ট ক্লাইমেট প্রয়োজন। সে জন্য বিডার চেয়ারম্যান ৪-৫টি আইন সংশোধন ও পরিমার্জনের বিষয়টি তুলে ধরেছেন। আমরা সেগুলোকে গুরুত্বের সঙ্গে নিয়েছি ।

কাস্টমস অ্যাক্ট হয়েছিল ১৯৬৯ সালে, এখন নতুন করে কাস্টমস অ্যাক্ট করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘কোম্পানিজ অ্যাক্টের কিছু কিছু ধারা পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধনের প্রয়োজন। কন্ট্রাক্ট অ্যাক্টটা অত্যন্ত সুন্দর, কিন্তু যুগোপযোগী করার জন্য এটাকে একটু ধোয়া-মাজা করতে হবে।’ আইনমন্ত্রী বলেন, ‘যেসব আইন সংশোধন ও পরিমার্জনের কথা ভাবা হচ্ছে সেগুলো হলো- কাস্টমস অ্যাক্ট, কোম্পানিজ অ্যাক্ট, কন্ট্রাক্ট অ্যাক্ট, আরবিট্রেশন অ্যাক্ট ও ইনসলভেন্সি অ্যাক্ট ।’সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিনিয়োগ বাড়াতে এখনই নতুন আইন প্রয়োজন হবে না। পুরনো আইনগুলো সংশোধন করলেই চলবে।’ আইনমন্ত্রী জানান, আগামী বাজেট অধিবেশনের আগে সংক্ষিপ্ত সময়ের জন্য সংসদে আইন পাসের জন্য একটি অধিবেশন বসবে। সে অধিবেশনেই বিষয়টি উত্থাপিত হতে পারে। তবে কিছু পরিবর্তন এখনই হবে, আর কিছু পরিবর্তন ধীরে ধীরে হবে হবে বলেও তিনি জানান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন