News71.com
 Bangladesh
 02 Feb 17, 11:00 PM
 264           
 0
 02 Feb 17, 11:00 PM

আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পাবেন বলে ইসি গঠন নিয়ে টিপ্পনি কাটলেন আওয়ামীলীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের

আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পাবেন বলে ইসি গঠন নিয়ে টিপ্পনি কাটলেন আওয়ামীলীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের

 

নিউজ ডেস্কঃ নতুন নির্বাচন কমিশনে (ইসি) কারা থাকছেন তা জানতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'যথা সময়েই মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবেন। আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পাবেন।' আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, 'ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে কার কার নাম প্রস্তাব করা হবে তা সার্চ কমিটির এখতিয়ার। এসব নাম প্রকাশ করা হবে কি-না, তা বলার এখতিয়ার আমার বা আওয়ামী লীগের নেই।'

৩১টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের পর গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেন। এ কমিটি রাজনৈতিক দলগুলোর কাছে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চার কমিশনার পদে পাঁচটি করে নাম নিয়েছে। দলগুলোর কাছ থেকে পাওয়া নাম থেকেই বাছাই করে ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করবে সার্চ কমিটি। নির্বাচন কমিশন গঠন রাষ্ট্রপতির এখতিয়ার— একথা উল্লেখ করে ওবায়দুল কাদের দাবি করেন, এ প্রক্রিয়ায় শাসক দল আওয়ামী লীগের কোনো ভূমিকা নেই। অন্যান্য দল সার্চ কমিটির কাছে যেভাবে নাম প্রস্তাব করেছে, আওয়ামী লীগও সেভাবেই নাম দিয়েছে। সার্চ কমিটির কার্যক্রম প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, 'সার্চ কমিটির কেউ কোনো দলের সদস্য নন। তারা সবাই নিরপেক্ষ।'

কমিটির প্রস্তাবিত নাম গণমাধ্যমে প্রকাশ করা হবে কি-না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'নাম মিডিয়াতে আসবে কি-না তা বঙ্গভবন কিংবা সার্চ কমিটি বলতে পারবে।' তবে প্রস্তাবিত নামগুলো গণমাধ্যমে আসা উচিত নয়— এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, 'আমাদের দেশের কালচার হলো ১০/২০ মিলে কোনো মিটিং করি, বলা থাকে কেউ মিডিয়াতে কিছু বলবেন না। কিন্তু কোনো কিছু কি গোপন থাকে?' এছাড়া রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটি কার কার নাম প্রস্তাব করবে সে বিষয়ে তার কোনো ধারণা নেই বলেও দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন