
নিউজ ডেস্কঃ প্রযুক্তি বান্ধব হতে হলে এ প্রজন্মের হাতে প্রযুক্তি তুলে দিতে হবে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আজ শুক্রবার দুপুরে মাইক্রোসফট বাংলাদেশের আয়োজনে বেসিস সফট এক্সপো ২০১৭ তে কোডিং ফর কিডস শীর্ষক এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন । তারানা হালিম বলেন, এ প্রজন্ম প্রযুক্তিনির্ভর প্রজন্ম। নতুন প্রজন্মের প্রযুক্তির প্রতি এ আকর্ষণ ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে। তাদের সাইবার স্পেসে বিচরণ করতে হবে। এ প্রজন্ম বলিষ্ঠভাবে বেড়ে উঠছে। গত কয়েকবছরে টেলিকমিউনিকেশনে আমাদের অনেক অগ্রগতি হয়েছে। এ প্রজন্মের কাছে এখন কম্পিউটার ও মোবাইলের মতো হাতিয়ার রয়েছে। কিন্তু এগুলো ব্যবহার করতে হবে ইতিবাচকভাবে। বিশেষভাবে Safe use of Internet এর দিকে জোর দিতে চাই ।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কোনো পোস্ট দেওয়া উচিত নয় যাতে কারও সম্মানহানি হয় অথবা কাউকে ছোট করা হয়। এ দিকে সকলের খেয়াল রাখতে হবে। এ প্রজন্মের বিজ্ঞান জ্ঞানার্জনের দিকে জোর দিতে হবে। মেয়েদের কম্পিউটার লিটারেসিতে এগিয়ে আসতে হবে। এ জন্য লজ্জা ভেঙে বাবা-মাকেও উদ্যোগ নিতে হবে। দেখতে হবে সন্তান ইন্টারনেট দিয়ে কি করছে। টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, মোবাইল হাতে আছে কিন্তু তাতে ইন্টারনেট নেই তা হবে না ।
মোবাইলে ইন্টারনেট থাকতে হবে। এ সেবা পৌছে দেওয়া আমাদের অন্যতম উদ্দেশ্য। এ বিষয়টি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। বিটিসিএল গ্রামের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে দেখছে ইন্টারনেটের গতি কেমন। আমরা চাই যেখানে যে গতির কথা বলা হয়েছে সেখানে তা পাচ্ছে কি না। আমরা চাই এ ধরনের অন্য অনুষ্ঠানেও উদ্যোক্তারা বিটিসিএলকে বলুক। আমরা এ ধরনের আয়োজনের সঙ্গে থাকতে চাই । ডাক প্রতিমন্ত্রী বলেন, ভয়ভীতি কাটিয়ে সবাইকে প্রযুক্তি ব্যবহার করতে হবে ইতিবাচকভাবে। সবার হাতে থাকবে মোবাইল, ইতিবাচক পরিবর্তন ঘটবে। নিজেদের মধ্যে এ প্রজন্ম নেটওয়ার্ক গড়ে তুলবে। কেউ সমস্যায় পড়লে তাকে কাউন্সিল করবে। প্রযুক্তির ব্যবহার সবার জন্য যেন হয় নিরাপদ। কর্মশালায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) আবদুর রব, প্রধানমন্ত্রী কার্যালয়ের স্থানীয় উন্নয়ন বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা, মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির প্রমুখ বক্তব্য দেন ।