News71.com
 Bangladesh
 03 Feb 17, 08:34 PM
 215           
 0
 03 Feb 17, 08:34 PM

বরিশালে এসএসসি দেওয়া হল না সাইদুরের ।। হত্যার ঘটনায় গ্রেফতার ৬

বরিশালে এসএসসি দেওয়া হল না সাইদুরের ।। হত্যার ঘটনায় গ্রেফতার ৬

নিউজ ডেস্কঃ বরিশাল নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র সাইদুর রহমান হৃদয় গাজীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত ছয় ছাত্র গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিতে পারেনি। সূত্রমতে, সময় সংক্ষেপের কারণে ওই ছয় ছাত্রের শিক্ষা প্রতিষ্ঠান বরিশাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষও তাদের পরীক্ষা নেয়ার বিষয়ে দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করে। এছাড়া বরিশালে কিশোর আদালত না থাকায় এ পরীক্ষার সুযোগ পায়নি ওই ছয় শিক্ষার্থী।

বরিশালে শিশুদের আইনী সহায়তা প্রকল্পের দায়িত্বে থাকা বেসরকারি সংস্থা স্কোপের নির্বাহী পরিচালক কাজী এনায়েত হোসেন শিপলু জানান, হৃদয় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃত ছয় ছাত্রকে বরিশালে সংশোধনাগার না থাকায় যশোর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, পরীক্ষার বিষয়ে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে বরিশাল শিশু আদালত তলব করেছিল। কিন্তু তিনি সময় সংক্ষেপের কারণে দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন। ফলে ওই ছাত্ররা এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি।

বরিশাল সমাজ সেবা অধিদপ্তরের শহর প্রবেশন অফিসার সাহাজাদী আক্তার বলেন, গ্রেফতারকৃত ছয় ছাত্রের পরীক্ষার বিষয়ে চেষ্টা করা হয়েছিলো। কিন্তু সময় সংক্ষেপ ও নানা কারণে ওদের পরীক্ষার সুযোগ করে দেয়া যায়নি। এ ব্যাপারে বরিশাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসেন জানান, ছয় ছাত্রকে যশোর কিশোর আদালতে পাঠানো হয়েছে। ছাত্রদের পরীক্ষার বিষয়ে আদালত তলব করে দায়িত্ব নিতে বলেছিলো। কিন্তু ৩০ তারিখ আদালত থেকে আদেশ বের করে যশোর গিয়ে ২ ফেব্রুয়ারির মধ্যে তাদের পরীক্ষা নেয়া সম্ভব হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন