
নিউজ ডেস্ক নাটোর শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর কিডনি চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক চিকিৎসককে আটক করেছে পুলিশ। তবে হাসপাতালের মালিকরা পালিয়ে গেছেন।
আটককৃত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক। পুলিশ সূত্র জানায়, সিংড়া উপজেলার ছোট চৌগ্রামের আসমা বেগম প্রায় দুই বছর আগে নাটোর শহরের জনসেবা হাসপাতালে ডান কিডনির পাথরের অপারেশন করান। আট মাস পর ব্যাথা অনুভব করলে অন্য হাসপাতালে পরীক্ষা করে জানতে পারেন তার ডানপাশের কিডনি নেই।
বিষয়টি জনসেবা হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে তার কিডনি রয়েছে বলে যে চিকিৎসাপত্র দেয় তাতে আসমা বেগম সুস্থ হয়ে যান। সম্প্রতি তিনি আবার অসুস্থ হয়ে পড়লে গত বুধবার আরেকটি হাসপাতালে পরীক্ষা করা হয়। সেখানেও জানা গেছে তার একটি কিডনি নেই। বিষয়টি নিয়ে আজ শুক্রবার হাসপাতাল কর্তৃপক্ষকে আবার জানালে তারা বিষয়টি অস্বীকার করে। পরে আসমা বেগমের ছেলে রবিউল ইসলাম নাটোর সদর থানায় অভিযোগ করেন।
নাটোর থানার এসআই মাসুদ রানা জানান, আজ শুক্রবার বিকালে ওই হাসাপাতালে অভিযান চালিয়ে আবদুল হান্নানকে আটক করা হয়। তবে অভিযানের আগেই হাসপাতাল কর্তৃপক্ষ পালিয়ে যায়। তবে আটক অভিযুক্ত ডাক্তারের দাবি, কিডনি চুরি হয়নি। কিডনি ছোট হয়েছে। পরীক্ষা করলে বিস্তারিত জানা যাবে।