
নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ সাংবাদিক আব্দুল হাকিম শিমুল মারা গেছেন। আজ শুক্রবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি । নিহত সাংবাদিক আব্দুল হাকিম শিমুল সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি ছিলেন। সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত কলেজ ছাত্রলীগ নেতাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে নিশ্চত করা হয়েছে যে পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতার শটগানের গুলিতেই শিমুলের মৃত্যু হয়েছে ।
এদিকে, শিমুলের মৃত্যুর খবর শুনে তার নানি রোকেয়া খাতুন (৯০) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। তাঁকে পোতাজিয়া হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন নিহত শিমুলের মামা আব্দুল হালিদ মণ্ডল। আগামীকাল শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রেসক্লাবে নিহতের প্রথম জানাজা হওয়ার কথা রয়েছে ।
ঘটনার প্রতিবাদে সকালে উপজেলা প্রেসক্লাব প্রতিবাদ মিছিল করা হয়। মিছিল শেষে আগামীকাল শনিবার শাহজাদপুরে অর্ধদিবস হরতালের ডাক দেওয়া হয়। অন্যদিকে দুপুরে ছাত্রলীগ নেতাকে মারপিটের ঘটনায় পৌর ছাত্রলীগের পক্ষ থেকে শহরে মিছিল ও সমাবেশ করে অর্ধদিবসের হরতালের ডাক দেওয়া। এ হরতালে সমর্থন দিয়ে উপজেলা আওয়ামী লীগ একাত্মতা ঘোষণা করে ।