
নিউজ ডেস্কঃ নীলফামারীর জলঢাকার মীরগঞ্জ ইউনিয়নে পশ্চিম শিমুলবাড়ি গ্রামে অগ্নিকাণ্ডে ৮ পরিবারের ২৪ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ঘটনাটিকে নাশকতা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা ।
এলাকাবাসী জানায়, গতকাল বৃহস্পতিবার রাত ১টার দিকে গ্রামের শারিরীক প্রতিবন্ধী জহুরুল হকের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় হেলাল হোসেন, জাহাঙ্গীরসহ ৮ পরিবারের ২৪টি ঘর ও ঘরে রক্ষিত মালামাল পুড়ে যায়। ঘটনাস্থলে ডোমার ও জলঢাকা দমকল বাহিনীর ২টি ইউনিট ঘটনাস্থলে এসে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ।
প্রতিবন্ধী জহুরুলের মা জাহানিয়া বেগম (৬০) অভিযোগ করে বলেন, "আগুন দেখে দরজা খুলে ঘর থেকে বের হতে পারছিলাম না। পরে ঘরের বেড়া ভেঙে বের হয়ে দেখি বাইরে থেকে দড়ি দিয়ে আটকে রাখা হয়েছে দরজা। তার পাশে ধানের খড়ে আগুন পড়ে থাকতে দেখেছি। শত্রুতার জের ধরে বাড়িতে কেউ আগুন লাগিয়ে দিয়েছে বলে উল্লেখ করেন তিনি ।
ডোমার দমকল বাহিনীর দল নেতা আব্দুল কাদের বলেন, "দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান. "উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল হক প্রধান ও আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তারা নাশকতার কথা বললেও আজ শুক্রবার বিকেল পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। "