
নিউজ ডেস্কঃ জঙ্গিবাদ মোকাবেলায় দর্শন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। তিনি বলেছেন, দেশ যখন অগ্রগতির দিকে এগিয়ে চলছে, তখন কুসংস্কার একে ঘিরে ধরেছে। তরুণরা জড়িয়ে পড়ছে জঙ্গিবাদে। এই জঙ্গিবাদ মোকাবেলায় দর্শনের শিক্ষক-শিক্ষার্থীরা তাদের যুক্তি দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। গতকাল শুক্রবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি মিলনায়তনে দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবম পূনর্মিলনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।
কাজী রিয়াজুল হক বলেন, দর্শন তার দর্শনীয় দৃষ্টিভঙ্গির মাধ্যমে কি ঘটে তা বলে দিতে পারে। তার ওপর ভিত্তি করে বিজ্ঞানীরা গবেষণা করেন। দর্শনের ব্যাপ্তী অনেক। দর্শনের মৃত্যু নেই। দর্শন বেঁচে থাকবে যুগ যুগ ধরে। এজন্য পৃথিবীতে দর্শন একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, দর্শনের সাথে মানবপ্রেম ও মানবাধিকারের সম্পর্ক রয়েছে। দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. প্রদীপ কুমার রায়ের সভাপতিত্বে দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এতে বিশেষ অতিথি ছিলেন বিভাগের অনারারী অধ্যাপক ড. আমিনুল ইসলাম, ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশানের ভারপ্রাপ্ত সভাপতি মোল্লা আবু কাউছার প্রমুখ।