সিরাজগঞ্জের তাড়াশে শীতবস্ত্র বিতরণ করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম ।।
নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের তাড়াশে শীতবস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মাদ নাসিম। গতকাল শুক্রবার বিকেলে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নেওয়া বিরাট জনসভা শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হকের ব্যবস্থাপনায় মহিষলুটি আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ে সন্ধ্যায় অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তৃতা শেষে তিনি ২ শতাধিক শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন ।
এ সময় তিনি মৎস্য ভাণ্ডার খ্যাত চলনবিলের প্রাণকেন্দ্র মহিষলুটির বৃহত্তর মাছের আড়তটি উন্নয়নকল্পে স্থানীয় জনগণের দাবি পূরণের প্রতিশ্রুতি দেন। এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৩ এর সংসদ সদস্য গাজী ম.ম.আমজাদ হোসেন মিলন, পার্শ্ববর্তী উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান মারুফ বিন হাবিব, জেলা পরিষদের সদস্য মোফাজ্জল হোসেন, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মোছা. মর্জিনা খাতুন, ছাত্রলীগ সভাপতি আনিছ প্রধান, মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ ও লাইব্রেরির সম্পাদক সিরাজ সরকার, মহিষলুটি মৎস্য আড়তের সভাপতি মিজানুর রহমান মজনু প্রমুখ ।