
নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদীতে গতকাল শুক্রবার গভীর রাতে কোষ্টগার্ড অভিযান চালিয়ে ১ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করেছে। এ সময় সাড়ে ৬ মণ জাটকাসহ ১টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয় । জব্দ করা জালের আনুমানিক মূল্য ৭ লক্ষ টাকা। আজ সকালে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রকাশ্যে ১লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করেন। জব্দ করা সাড়ে ৬ মণ জাটকা বিভিন্ন এতিমখানা, গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয় ।
এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন ও কোষ্টগার্ডের দায়িত্বরত অফিসার কন্টিনজেন্ট কমান্ডার শহীদুর রহমান উপস্থিত ছিলেন। কোষ্টগার্ড ক্যাম্পের অফিসার শহীদুর রহমান জানান, অভিযানের সময় জেলেরা নদীতে লাফিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। প্রতিদিনের ন্যায় অভিযান অব্যাহত থাকবে ।