
নিউজ ডেস্কঃ রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে ৪১টি চোরাই গরুসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ। আজ শনিবার সকালে রমনা থানা ও ট্রাফিক পুলিশ পরিচালিত যৌথ অভিযানে ট্রাকটি আটক করা হয়। এর আগে গতকাল শুক্রবার রাতে টাঙ্গাইলের ধনবাড়ী এলাকা থেকে গরুগুলো চুরি হয়।
পুলিশ জানায়, গরু চুরির খবর সব জায়গায় জানিয়ে দেওয়া হয়েছিল। এর সূত্র ধরে সকাল সাড়ে ৬টার দিকে কারওয়ান বাজারের সোনারগাঁও ক্রসিংয়ে গরুবাহী ট্রাকটি থামানো হয়। পরে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়া যায়, গরুগুলো টাঙ্গাইল থেকে চুরি করা হয়েছিল। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।