
নিউজ ডেস্কঃ বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন । আজ এক শোকবার্তায় বিএনপি চেয়ারপার্সন বলেন, স্বাধীনতা যুদ্ধের একজন সংগঠক হিসেবে তার রাজনৈতিক জীবনে দেশমাতৃকার মুক্তির জন্য সুরঞ্জিত সেনগুপ্ত যে অবদান রেখেছেন তা জাতি কোনদিন ভুলবেনা। তিনি একজন দক্ষ ও প্রাজ্ঞ রাজনীতিক হিসেবে দেশ ও দেশের মানুষের অধিকারের পক্ষে সবসময় সোচ্চার থেকেছেন ।
তিনি আরো বলেন, দেশের স্বাধীকারের আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা ও মানুষের গণতান্ত্রিক অধিকারের সংগ্রামে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। আমাদের রাষ্ট্রীয় সংবিধান প্রণয়নে একজন অন্যতম রচয়িতা হিসেবে তাঁর ভূমিকা এদেশের মানুষ চিরদিন মনে রাখবে ।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সুরঞ্জিত সেনগুপ্তের আত্মার শান্তি কামনা এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুনগ্রাহী ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও পৃথক বিবৃতিতে সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ।