
নিউজ ডেস্কঃ বগুড়া শহরের নারুলী এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় এক ব্যবসায়ীর পৌনে ১২ লাখ টাকা ছিনতাই হয়েছে। ছিনতাইকারীদের হামলায় ওই প্রতিষ্ঠানের অফিস সহকারী আবুল কাশেম (৩৫) গুরুতর আহত হয়। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া সদরের আকাশতারা এলাকার সুমন ফাওয়ার মিলের ব্যবস্থাপক মামুনুর রশিদ ও অফিস সহকারী আবুল কাশেম শহরের বড়গোলায় অবস্থি’ত জনতা ব্যাংক কর্পোরেট শাখায় টাকা জমা দেয়ার জন্য মোটরসাইকেলে করে রওনা হন। পথে সদরের নারুলী এলাকায় পৌছুলে কয়েকজন মুখোশধারী ছিনতাইকারী তাদের ওপর হামলা চালিয়ে পৌনে ১২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ছিনতাইকারিদের হামলায় আবুল কাশেম আহত হয়েছে।
সুমন ফাওয়ার মিলের স্বত্ত্বাধিকারী পরিমল সিং জানিয়েছেন, ব্যাগে ১১ লাখ ৭৬ হাজার টাকা ছিলো। ঘটনার পর বগুড়ার পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। বগুড়া সদর থানার ওসি এমদাদ হোসেন এমদাদ জানিয়েছেন, তাদের ধারনা ছিনতাইকারীদের দলে ৩/৪ জন ছিলো। ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেফতারে পুলিশের বেশ কয়েকটি দল অভিযান চালাচ্ছে।