
নিউজ ডেস্ক; গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার পৌর এলাকার তুমুলিয়া গ্রামে মাটির ভেতর থেকে নির্গত তেল সংগ্রহ করে বিক্রয় করছে স্থানীয়রা। খালের পানিতে মিশে বিলের ফসল ক্ষতি ও ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী। আজ রবিবার সকালে সরেজমিনে উপজেলার তুমুলিয়া এলাকার খালের পাড়ে গিয়ে দেখা যায় যে, স্থানীয় মহিলারা জড়ো হয়ে পানি থেকে গামছার সহায়তায় তেল প্লাষ্টিক পাত্রে তুলছে। পাত্রের পানিতে তেল ভাসমান থাকায় নিচ থেকে পানি ফেলে প্রাপ্ত তেল অন্য পাত্রে সংগ্রহ করছে ওই মহিলারা।
এ বিষয়ে স্থানীয় মহিলাদের সাথে আলাপ করতে গেলে তারা কোন কথা বলতে রাজি হয়নি। স্থানীয় মৃত মহিউদ্দিন আকন্দের ছেলে আনোয়ার উদ্দিন আকন্দ আমাদের জানান, প্রায় ৬ মাস যাবত এলাকার সাধারণ মহিলারা তেল সংগ্রহ করে ৬৫ টাকা দরে বিক্রয় করে আসছে। ভরা মৌসুমে ওই সকল তেল সোমখালী খাল দিয়ে জনমভের ও বেলাই বিল দিয়ে বালি নদীতে মিলিত হয়। আমি সব সময় খালের পানিতে গোসল করে থাকি কিন্ত দুই মাস পূর্বে খালের পানিতে নামলে কেরোসিন তেলের গন্ধ পাই এবং পানিতে ভাসমান তেল সাদৃশ্য দেখতে পেয়ে গোসল করা বন্ধ করে দেই।
স্থানীয় মহিলারা জন প্রতি দৈনিক আনুমানিক ৭/৮ লিটার করে ৪০/৫০ লিটার তেল সংগ্রহ করেন। শুস্ক মৌসুম থাকায় খালের পানিতে তেল সংমিশ্রনে পানির রং পরিবর্তন হয়ে গেছে। সমগ্র এলাকায় তেলের গন্ধে বাতাস ভারিহয়ে যাওয়ায় এখন খালের পানি কোন কাজে আসছে না। খালের সাথের ওই জমিটি আবুল কালামের থাকায় মাসুদ আক্রামের মা অন্য কোন মহিলাদের ওই স্থান থেকে তেল সংগ্রহ করতে না দেয়ারও অভিযোগ উঠেছে। সিকি কিলোমিটার খালজুড়ে পানি উপচে ভাসমান তেল দেখা যাচ্ছে। এ বিয়য়ে সহকারী কমিশনার (ভুমি) প্রণতি বিশ্বাস বলেন, আমার জানা নেই তবে দেখছি।