
নিউজ ডেস্ক চট্টগ্রামের আনোয়ারা উপজেলার শিলালিয়া গ্রামের আশীষ দাশের (৪০) বিরুদ্ধে তাঁর স্ত্রী উর্মি দাশকে (৩৫) কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে পারিবারিক কলহের জের ধরে আশীষ তাঁর ঘরের ভেতর কুপিয়ে হত্যা করে স্ত্রীকে। এর আগে সকাল নয়টায় স্বামী-স্ত্রী দুজনে তাঁদের এসএসসি পরীক্ষার্থী ছেলে মিশন দাশকে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য গাড়িতে তুলে দেন। পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত উর্মি সংসারের খরচ মেটাতে বছরখানেক আগে চাকরি নেন। চট্টগ্রাম শহরে বোনের বাসায় থেকে চাকরি করতেন। তাঁদের তিন সন্তানকে দেখাশোনা করতেন তাঁর স্বামী ও শাশুড়ি। শহরে চাকরির কারণে স্বামী-স্ত্রীতে প্রায়ই ঝগড়া হতো। স্বামীর অমতেই তিন সন্তানের খরচ মেটাতে চাকরি করতেন উর্মি। ছেলে মিশনের পরীক্ষার জন্য এক সপ্তাহের জন্য বুধবার রাতে সেখানে এসে খুন হলেন তিনি।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ঘরের মেঝেতে লাশ পড়ে আছে। রক্তে ভেসে গেছে মেঝে। ঘর জুড়ে ছড়ানো ছিটানো অবস্থায় ঘরের মালামাল, কাপড়-চোপড় ও বইপত্র। ঘটনার পর পালিয়ে গেছেন অভিযুক্ত আশীষ ও তাঁর মা। আশপাশের কোনো প্রতিবেশী ঘটনা সম্পর্কে মুখ খুলতে রাজি হয়নি। নিহত উর্মির জা রিংকু দাশ বলেন, ‘ঘটনার সময় আমি ঘরে ছিলাম না। সকালে পাড়ার একটি বিয়ে বাড়ি থেকে আসার পথে রক্তাক্ত জামা নিয়ে চলে যেতে দেখেছি ভাশুরকে। পরে ঘরে এসে দেখি পাড়ার লোক জড়ো হয়েছে, মেঝেতে পড়ে আছে বড় জায়ের লাশ।’
নিহত উর্মির বোন কুমকুম দাশ বলেন, ‘বোন আমার বাসায় থেকে চাকরি করে ছেলেমেয়েদের খরচ মেটাতো। ছেলের পরীক্ষার জন্য বুধবার ঘরে এসে খুন হলো সে।’ এ ব্যাপারে পরৈকোড়া ইউনিয়নের ৮ নম্বর শিলালিয়া ওয়ার্ডের সদস্য নিউটন দাশ বলেন, ‘নিহতের শাশুড়ি তাঁদের ঘরে পুত্র ও পুত্রবধূর ঝগড়ার কথা বলে আমাকে ডেকে পাঠান, এসে দেখি খুনের ঘটনা।’ আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। নিহত উর্মির গলা, পেট ও পিঠে দায়ের কোপ ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে।