
নিউজ ডেস্কঃ দুর্নীতির আলাদা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার ঢাকা ও বরিশাল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। গ্রেপ্তার দুজন হলেন গোলাম কবির খান ও মো. জসিম উদ্দিন। দুদক সূত্র জানায়, ব্যবসায়ী গোলাম কবির খানকে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়। সংস্থার উপপরিচালক মোজাহার আলী সরদারের নেতৃত্বে সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম তাঁকে গ্রেপ্তার করেন।
সোনালী ব্যাংকের লালমনিরহাট শাখা থেকে ১৮ লাখ ৩২ হাজার ৮৫৫ টাকার ৫টি ঋণপত্র ব্যাংক থেকে ছাড় না করার অভিযোগ রয়েছে গোলাম কবিরের বিরুদ্ধে। ব্যাংকের ভুয়া অনাপত্তিপত্র (এনওসি) দিয়ে শুল্ক বিভাগ থেকে মালামাল খালাস করার অভিযোগ রয়েছে মামলায়। এসব অভিযোগে ২০১৫ সালের ২৮ অক্টোবর লালমনিরহাট থানায় অর্থ আত্মসাতের মামলা হয় তাঁর বিরুদ্ধে। মামলার তদন্তের অংশ হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে সূত্র জানিয়েছে।
অর্থ আত্মসাতের আরেক মামলায় বরিশালের বানারীপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী মো. জসিম উদ্দিনকে বরিশাল শহরের নবগ্রাম রোড থেকে গ্রেপ্তার করা হয়। দুদকের বরিশাল বিভাগীয় কার্যালয়ের আক্তার হোসেনের নেতৃত্বে উপসহকারী পরিচালক মো. আল-আমিন তাঁকে গ্রেপ্তার করেন। গত বছরের ডিসেম্বরে বানারীপাড়া থানায় তাঁর বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা হয়। মামলার এজাহারে বলা হয়, অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ তহবিলের ৩ লাখ ৩৭ হাজার ৩৫৬ টাকা আত্মসাৎ করেছেন জসিম উদ্দিন।