News71.com
 Bangladesh
 06 Feb 17, 12:37 PM
 220           
 0
 06 Feb 17, 12:37 PM

নাফ নদীতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের গুলিতে বাংলাদেশি জেলে নিহত । ।

নাফ নদীতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের গুলিতে বাংলাদেশি জেলে নিহত । ।

 

নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এর গুলিতে একজন বাংলাদেশি জেলে নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন। আজ সোমবার সকাল সাড়ে ৬ টায় বাংলাদেশ-মিয়ানমার জলসীমার মৌলভীপাড়া সংলগ্ন নাফ নদীতে এ ঘটনা ঘটে। নিহত জেলে টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার কবির আহমদের ছেলে নুরুল আমিন।  গুলিতে আহত একই এলাকার সোনা মিয়ার ছেলে মোস্তফা হোসেন।

ফেরত আসা জেলে মোহাম্মদ হাকিম জানান, আজ ভোরে বাংলাদেশ সীমান্তে নাফনদীর মৌলভীপাড়া পয়েন্টে মাছ শিকারে যায় তারা তিনজন। কিন্তু সকাল সাড়ে ৬ টার দিকে হঠাৎ করে বিজিপির সাতজন সদস্য একটি স্পীডবোট নিয়ে বাংলাদেশে সীমান্তে ঢুকে তাদের উপর গুলিবর্ষণ করে। এসময় নুরুল আমিন ও মোস্তফা হোসেন গুলিবিদ্ধ হলে তাদেরকে নিয়ে কোন রকম টেকনাফ ফিরে আসেন। পরে স্থানীয় আরো কয়েকজন জেলে সহায়তায় টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নুরুল আমিনকে মৃত ঘোষণ করেন।

টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুবন দাশ জানান, নুরুল আমিনের বুকে গুলি লাগায় অতিরিক্তি রক্তক্ষরণের কারণে সেই হাসপাতালে আসার আগেই মারা যান। আরেক জেলে মোস্তফা হোসেনের পিঠে গুলি লেগেছে। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে বিজিবির কোন বক্তব্য পাওয়া না গেলেও টেকনাফ থানার ওসি আব্দুল মজিদ জানান, মিটিংয়ের কারণে তিনি কক্সবাজার শহরে রয়েছেন। তবে সকালে টেকনাফ বিজিবির অধিনায়ক তাকে ফোনে বাংলাদেশি জেলেরা মিয়ানমারের জলসীমায় ঢুকে মাছ শিকারের কারণে বিজিপির গুলিতে জেলে নিহতের বিষয়টি জানিয়েছেন। টেকনাফ থানা থেকে পুলিশের একটি দল স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন