
নিউজ ডেস্কঃ তনু ধর্ষণ ও হত্যাকান্ডের বিচারের দাবিতে আজ রবিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের পাদদেশে বিকাল সাড়ে ৩ টায় মানব বন্ধন ও ক্যাম্পাসে র্যালী করেছে মাদকবিরোধী জোট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ও জাবি ৪৫ তম আবর্তন । র্যালীটি শহীদ মিনার থেকে শুরু হয়ে অমর একুশের পাদদেশে এসে শেষ হয় । র্যালীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক মিনহাজিদুল আবেদিন মিনহাজ মাদকবিরোধী জোটের কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেন ।
সনজিৎ সরকার উজ্জ্বলের পরিচালনায় মানব বন্ধনে বক্তব্য রাখেন মাদকবিরোধী জোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাহিদ সুলতান লিখন , মাদকবিরোধী জোটের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সনজিৎ সরকার , জাবি শাখার সাধারণ সম্পাদক আসিফ ইকবাল ও মাদকবিরোধী জোট জাবি শাখার অন্যান্য নেতৃবৃন্দ এবং ৪৫ তম আবর্তনের প্রতিনিধিরা ।
উল্লেখ্য গত ২০ মার্চ রবিবার রাতে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী সোহাগী জাহান তনু কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন । রাতেই অলিপুরের একটি ঝোঁপের কাছে তনুর লাশ পাওয়া যায় ।
মানব বন্ধনে বক্তারা বলেন, তনু হত্যাকাণ্ড নির্মম ও পৈশাচিক । এ রকম বর্বর হত্যাকাণ্ড ও তার আগে ধর্ষণের ঘটনা খুবই মর্মান্তিক । তারা ধর্ষক ও খুনির ফাঁসির দাবি জানান । বক্তারা আরও বলেন, যে দেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী ও স্পিকার নারী, সরকারের প্রধান প্রতিপক্ষ দলের নেতাও নারী , সে দেশে সোহাগী হত্যার বিচারের জন্য মানুষকে রাস্তায় নামতে হচ্ছে । দ্রুত সোহাগী হত্যার রহস্য উন্মোচন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তারা ।