
নিউজ ডেস্কঃ সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে নদীতে মাছ ধরার সময় এক জেলে অপহৃত হয়েছে। তাকে মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে বনদস্যু জোনাব বাহিনী। আজ সোমবার ভোর রাতের দিকে সুন্দরবনের চুনকুড়ি নদী সংলগ্ন মেটের খাল থেকে তাকে অপহরণ করা হয়। অপহৃত জেলে ইস্রাফিল মোল্যা (৪২) মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামে ওসমান মোল্যার ছেলে।
ফিরে আসা জেলে ইয়াকুব আলী ও রাজেত আলী জানায়, সুন্দরবনের চুনকুড়ি নদীর সংলগ্ন মেটের খালে মাছ ধরার সময় ভোর রাতে জোনাব বাহিনী ইস্রাফিলকে অপহরণ করে। তারা ৩০ হাজার টাকা মুক্তিপণের দাবি করে।
জোনাব বাহিনী ৫ দিনের মধ্যে দাবিকৃত টাকা দিতে হবে বলে জানিয়েছে। কদমতলা ষ্টেশন কর্মকর্তা নাছির হোসেন অপহরণের বিষয়টির সত্যতা স্বীকার করেছেন।