
নিউজ ডেস্ক; অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশে আরও এক সপ্তাহ সময় পেয়েছে রাষ্ট্রপক্ষ। গতকাল রোববার রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম দুই সপ্তাহ সময়ের আবেদন করলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের আট সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এক সপ্তাহ মঞ্জুর করেন। এ সময় আদালত বলেন, কদিন আগে আইনমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, তিনি বলেছেন এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে। তাহলে দুই সপ্তাহ সময় চাচ্ছেন কেন? এরপর আদালত বিষয়টি এক সপ্তাহের জন্য মুলতবি করেন।
অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলাসংক্রান্ত বিধি চূড়ান্ত করে তা গেজেট আকারে প্রকাশ করতে আপিল বিভাগ এর আগে কয়েক দফায় সময় দেন। সেই নির্দেশ বাস্তবায়ন না করায় গত ৮ ডিসেম্বর আপিল বিভাগ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দুই সচিবকে ১২ ডিসেম্বর হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা জানাতে বলেন। এর ঠিক এক দিন আগে গত ১১ ডিসেম্বর বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য পৃথক আচরণ বিধিমালা, শৃঙ্খলা বিধিমালা ও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বিধিমালা, ২০০৭ সংশোধনকল্পে সুপ্রিম কোর্টের প্রস্তাবিত খসড়া গেজেটে প্রকাশ করার প্রয়োজনীয়তা নেই মর্মে রাষ্ট্রপতি সিদ্ধান্ত দিয়েছেন জানিয়ে আইন মন্ত্রণালয় থেকে একটি চিঠি পাঠানো হয়। ধার্য তারিখে দুই সচিব আদালতে উপস্থিত হন। সেদিন আপিল বিভাগ ১৫ জানুয়ারির মধ্যে শৃঙ্খলাবিধির গেজেট করতে নির্দেশ দেন। পরে রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন জানালে আদালত ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছিলেন।