
নিউজ ডেস্কঃ দেশের মধ্য ছাড়াও বাইরে থেকে ষড়যন্ত্র করে সরকারকে ব্যতিব্যস্ত রাখার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রবিবার বিকালে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের ভেতর বা বাইরে থেকে বাধা এলেও দেশের অগ্রযাত্রা কেউ থামিয়ে রাখতে পারবে না। কারণ অশুভ গোষ্ঠীর দুরভিসন্ধি বুঝে গেছে জনগণ।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির ‘গরজ নেই’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যার যার প্রতীক নিয়ে ইউপি নির্বাচন হচ্ছে। সেই ইলেকশনেও তাদের খুব একটা গরজ দেখছি না। কেমন যেন একটা ভাসা ভাসা ভাব।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি শুধু বক্তৃতা বিবৃতিই দিয়ে যাচ্ছে। শুধু অভিযোগ করে যাচ্ছে। কিন্তু তাদের কর্মকাণ্ডটা কোথায়? শুধু নালিশ করা । তো নালিশ করে কী হচ্ছে—নালিশ করে বালিশ পায়, ভাঙা জুতার বাড়ি খায়।
বিএনপির নেত্রীর নাম না উল্লেখ করে তাঁকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তাঁর মুখে হাসি থাকবে কীভাবে? তাঁর হৃদয়ে আছে তো পেয়ারে পাস্কিন্তান । যে পেয়ারের লোকগুলোর একে একে ফাঁসি হচ্ছে । একদিকে যুদ্ধাপরাধীদের শাস্তি হচ্ছে এবং জনগণের সমর্থন তাঁদের প্রতি নাই। যখন মানুষ পুড়েছে তখন তাঁর মুখে হাসি ছিল। তখন হয়তো আপনারা দেখতে পাননি। কারণ নিজেই নিজেকে অবরুদ্ধ করে রেখেছিলেন।
শেখ হাসিনা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের উদ্ধৃতি দিয়ে বলেন, ক্ষমতা মানে নিজের ভাগ্য গড়া না। ক্ষমতা মানে আমাদের কাছে দেশের ভাগ্য গড়ে তোলা। মানুষের কল্যাণ করা, যেটা জাতির পিতা আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। বঙ্গবন্ধু তাঁর ৭ই মার্চের ভাষণেও বলেছেন শোষিত-বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তনের কথা। আমরা সেই শোষিত-বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি।
আমরা বিজয়ী জাতি। আমরা মাথা উঁচু করে চলবো। কারো কাছে মাথানত করবো না। ভিক্ষা করবো না। নিজেদের আয়-সামর্থ্য দিয়ে চলবো বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
নিজের পয়সায় ডাল আর মোটা চালের ভাত খাবো, ভিক্ষা করে বিরানি খাবো না বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার জন্য এত আত্মত্যাগ, এত রক্ত আর কোনো জাতি দেয়নি- যা বাঙালিকে দিতে হয়েছে। এতো রক্তদান বৃথা যেতে পারে না, বৃথা যেতে দেবোও না। উন্নত-সমৃদ্ধ ও সুখী-সুন্দর দেশ গড়ে আমরা স্বাধীনতার মর্যাদা রাখবো। বঙ্গবন্ধুর আদর্শে সোনার বাংলা গড়ে তুলবো। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলে উন্নত দেশ গড়ার সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে দেশবাসীকে আহ্বান জানান তিনি।
সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম প্রমুখ।