
নিউজ ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লিতে আগুন দেওয়ার ঘটনায় জেলার পুলিশ সুপার মো. আশরাফুল ইসলামকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ নির্দেশ দেন। আদালত বলেছে, আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত তা তদন্তের জন্য গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আগুন দেওয়ার ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের তালিকা চেয়েছিল। তদন্ত প্রতিবেদনে কতিপয় পুলিশ সদস্য এ আগুন লাগানোর ঘটনায় জড়িত বলে উল্লেখ করা থাকলেও তাদের নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করেননি পুলিশ সুপার।
আদালত একইসঙ্গে গোবিন্দগঞ্জের চানগাড়ি এলাকায় গত ৬ নভেম্বর যেসব পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছিলেন তাদেরকেও প্রত্যাহারের নির্দেশ দেন। গত ৬ নভেম্বর গোবিন্দগঞ্জের রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকলের শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এতে তিন সাঁওতাল নিহত হন, আহত হন অনেকে। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য জড়িত মর্মে হাইকোর্টে রিপোর্ট দাখিল করে বিচারিক তদন্ত কমিটি। আজ ওই রিপোর্টের ওপর রিটকারীর পক্ষে আইনজীবী এএম আমিন উদ্দিন ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহের হোসেন সাজু শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেন।