News71.com
 Bangladesh
 08 Feb 17, 12:55 AM
 241           
 0
 08 Feb 17, 12:55 AM

দেশব্যাপী দুদকের অভিযানের ফলে ঘুষের রেট বেড়ে গেছে ।। ইকবাল মাহমুদ

দেশব্যাপী দুদকের অভিযানের ফলে ঘুষের রেট বেড়ে গেছে ।। ইকবাল মাহমুদ

 

নিউজ ডেস্ক; দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ দেশব্যাপী অভিযানের ফলে একটি উদ্বেগের কথা জানতে পেরেছেন উল্লেখ করে বলেছেন, অভিযানের ফলে ঘুষের রেট বেড় গেছে। এখন ঘুষখোররা ১০ টাকার জায়গায় ১০০০ টাকা চায়। তিনি আরও বলেন, গত এক বছরে দুদকের অভিযানে প্রায় পাঁচ’শ জনকে আটক করে বিচারের মুখোমুখি করা হয়েছে। কিন্তু এতে ঘুষের রেট বেড়ে গেছে বলে আমি অনেকের কাছে জানতে পেরেছি। গতকাল মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন এবং দুর্নীতি প্রতিরোধে এনজিওদের ভূমিকা’ শীর্ষক এই মতবিনিময় সভায় এসব কথা বলেন দুদক চেয়ারম্যান। এনজিও বিষয়ক ব্যুরো আয়োজন করে মতবিনিময় সভাটি।

ইকবাল মাহমুদ দুদকের দায়িত্ব নেয়ার পর দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালাচ্ছে। কদিন আগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দপ্তরেও গিয়েছিল দুদক। ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অনেক কর্মকর্তা-কর্মচারী আটক হয়েছেন হাতেনাতে। ইকবাল মাহমুদ বলেন, তাদের (দুর্নীতিবাজ) বক্তব্য, এখন চারদিকে দুদক। ১০ টাকার জায়গায় আপনি (সেবাপ্রত্যাশী) এক হাজার টাকা দেবেন। এটা সত্য না মিথ্যা তা যাচাই করার দায়িত্ব আমার না, তবে কানে যেহেতু এসেছে তা উদ্বেগের বিষয়। দুর্নীতি ঠেকাতে শুধু অভিযান নয়, সামাজিক আন্দোলনের ওপর জোর দেন তিনি। দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বাড়াতে এনজিওকর্মীদের সক্রিয় হতে আহ্বানও জানান দুদক চেয়ারম্যান।

এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী, নিজেরা করির সমন্বয়ক খুশী কবির, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন