
নিউজ ডেস্কঃ ব্যাংকিং খাতে ২০১৫-১৬ অর্থবছরে আর্থিক অনিয়ম ও হয়রানির শিকার হয়ে ৪ হাজার ৫৩০টি অভিযোগ করেছেন গ্রাহকরা। যার শতভাগ নিষ্পত্তি করেছে কেন্দ্রীয় ব্যাংক। আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে গ্রাহক স্বার্থ সংরক্ষণের বার্ষিক প্রতিবেদন প্রকাশকালে এ তথ্য জানানো হয় ।প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকিং খাতে ২০১৫-১৬ অর্থবছরে গ্রাহকরা আর্থিক অনিয়ম ও হয়রানির শিকার হয়ে টেলিফোনে ২ হাজার ৩৮৪টি এবং লিখিতভাবে ২ হাজার ১৪৬টি অর্থাৎ মোট ৪ হাজার ৫৩০টি অভিযোগ করেছেন, যা গত অর্থবছরের তুলনায় ৬০০টি অভিযোগ বেশি। এর আগে ২০১৪-১৫ অর্থবছরে গ্রাহকরা মোট ৩ হাজার ৯৩০টি অভিযোগ করেছিল ।
প্রতিবেদন অনুযায়ী আরও জানা যায়, সবচেয়ে বেশি অভিযোগ এসেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের বিরুদ্ধে, যা মোট অভিযোগের ৫৮ দশমিক ৭০ শতাংশ। এছাড়া রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের বিরুদ্ধে ২৮ দশমিক ২৮ শতাংশ। বিদেশি বাণিজ্যিক ব্যাংকের বিরুদ্ধে ৪ দশমিক ০৬ শতাংশ। বিশেষায়িত ব্যাংকের বিরুদ্ধে ৪ দশমিক ৬৬ শতাংশ এবং ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৩ দশমিক ৯৩ শতাংশ অভিযোগ রয়েছে । প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মাসুম কামাল ভুঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন ফিন্যান্সিয়াল অ্যান্ড কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক এ কে এম আমজাত হোসেন ।
এছাড়া অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান, কনজুমার অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম রহমানসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন । উল্লেখ্য, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক ২০১১ সালের ১ই এপ্রিল গ্রাহক স্বার্থ সংরক্ষণ কেন্দ্র গঠন করে। পরে এর পরিধি বাড়তে থাকায় আরও বৃহৎ পরিসরে ঢেলে সাজিয়ে ২৫শে জুলাই ২০১২ সালে গঠন করা হয় ফিন্যান্সিয়াল ইন্টিগ্রেটি অ্যান্ড কাস্টমার সার্ভিস বিভাগ (এফআইসিএসডি)। যেখানে ফ্যাক্স (০০৮৮-০২-৯৫৩০২৭৩), ই-মেইল (bb.cipc@bb.org.bd), এসএমএস এবং ১৬২৩৬ নাম্বারে ডায়াল করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অনিয়ম ও হয়রানির বিরুদ্ধে গ্রাহকরা অভিযোগ করতে পারেন ।