
নিউজ ডেস্কঃ বেসরকারি রিফাইনারি থেকে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রয় বন্ধসহ সাত দফা দাবিতে খুলনা বিভাগের ১০ জেলায় ধর্মঘট করেছেন ব্যবসায়ীরা। আজ সোমবার ভোর ৬টায় শুরু হওয়া এ ধর্মঘটের পর থেকে খুলনার খালিশপুরের তেলডিপো থেকে উত্তোলন ও পরিবহন বন্ধ ছিল।
ধর্মঘট দুপুর ১টা পর্যন্ত চলবে বলে বলছেন জ্বালানি তেল পরিবেশক সমিতির খুলনা বিভাগীয় সভাপতি আব্দুল গফ্ফার বিশ্বাস। জেলাগুলো হলো খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও মেহেরপুর।
আব্দুল গফ্ফার বলেন, সাত দফা দাবিতে বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি ও খুলনা ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের ডাকা এ ধর্মঘটে খালিশপুরের তেলডিপো থেকে উত্তোলন ও পরিবহন বন্ধ রয়েছে।
অবিলম্বে সাত দফা বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেন তিনি।
আজ সোমবারের এ ধর্মঘটের প্রতি খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন এবং পদ্মা, মেঘনা, ও যমুনা শ্রমিক কল্যাণ সমিতিও সমর্থন দিয়েছে বলেছেন আব্দুল গফ্ফার বিশ্বাস। গত ২১শে ফেব্রুয়ারি খুলনা বিভাগের জ্বালানি তেল ব্যবসায়ীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে এ ধর্মঘটের ঘোষণা দেয়।
সাত দফা দাবি হলো- ১.বেসরকারি রিফাইনারি থেকে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রয় বন্ধ ।
২.পেট্রোল পাম্প মালিকদের সরাসরি রিফাইনারি থেকে তেল ক্রয়ের অনুমতি প্রদান বন্ধ ।
৩.পেট্রোল পাম্পের প্রবেশ দ্বারে লিজ বাবদ ফি নেওয়া বন্ধ ।
৪.পেট্রোল পাম্পের ভিতরে কোনো প্রকার জনসমাগম হয় এমন প্রতিষ্ঠান করার নির্দেশনা প্রদান থেকে বিরত থাকা ।
৫.নতুন পেট্রোল পাম্প স্থাপনের ক্ষেত্রে সমিতির সঙ্গে আলোচনা করা
৬.মালিক সমিতির সদস্য হওয়া ব্যতিরেকে কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেল সরবরাহ না করা।
৭.বিস্ফোরক লাইসেন্স ছাড়া পেট্রোল পাম্পের অন্য কোনো লাইসেন্স ।