News71.com
 Bangladesh
 08 Feb 17, 06:35 PM
 205           
 0
 08 Feb 17, 06:35 PM

কুমিল্লার আদালতে দায়েরকৃত মানহানির মামলায় তারেক রহমানকে হাজিরের জন্য নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারী..  

কুমিল্লার আদালতে দায়েরকৃত মানহানির মামলায় তারেক রহমানকে হাজিরের জন্য নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারী..     

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে একটি মানহানির মামলায় কুমিল্লার আদালতে হাজিরের জন্য পত্রিকার মাধ্যমে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।২০১৪ সালের ২২ ডিসেম্বর জেলার দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এবং ওই উপজেলার ছোট আলমপুর গ্রামের মৃত আকামত আলীর ছেলে হোসাইন আহমেদ ওই মামলা দায়ের করেছিলেন। মামলায় কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেমায়েত উদ্দিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি একটি জাতীয় ও একটি স্থানীয় পত্রিকায় প্রকাশের জন্য আজ বুধবার সরবরাহ করা হয়েছে।

মামলার অভিযোগ ও আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর যুক্তরাস্ট্রের ইস্ট লন্ডনে দ্য অট্রিয়াম অডিটরিয়ামে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বাংলাদেশের ৪৪তম বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ইতিহাস বিকৃতি ও আওয়ামী লীগ নিয়ে কটাক্ষ মন্তব্য করেন। তার এ বক্তব্য দেশ-বিদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়।

এতে ওই বছরের ২২ ডিসেম্বর জেলার দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হোসাইন আহমেদ বাদী হয়ে তারেক রহমানের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০ ধারায় কুমিল্লার ৪নং আমলী আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে।

আদালত সূত্র আরো জানায়, তারেক রহমান দীর্ঘদিন ধরে বাংলাদেশের বাইরে যুক্তরাজ্যে অবস্থান করায় গত বছরের শেষের দিকে ইন্টারপোলের মাধ্যমে তাকে গ্রেফতারের জন্য পরোয়ানা ইস্যু করা হয়। কিন্তু তিনি গ্রেফতার বা আদালতে হাজির না হওয়ায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেমায়েত উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি একটি জাতীয় ও একটি স্থানীয় পত্রিকায় প্রকাশের জন্য আজ বুধবার সরবরাহ করা হয়েছে। ওই বিজ্ঞপ্তির তালিকার ৬৫ নম্বর ক্রমিকে আসামির ঠিকানা- ‘তারেক রহমান, পিতা মৃত জিয়াউর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়, ঢাকা’ উল্লেখ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন