
নিউজ ডেস্কঃ খাগড়াছড়ি জেলার মাটিরাংগা উপজেলায় ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকারী ৩২ জন উপজাতীয়কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। গতকাল বুধবার রাত ১০টার দিকে আটক ৩২জনকে আজ বৃহস্পতিবার খাগড়াছড়ি ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, মাটিরাংগা সীমান্তের দেওয়ানবাড়ি এলাকায় ৩২জন উপজাতীয় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করলে বিজিবি তাদের হাতেনাতে আটক করে ।
মাটিরাংগার যামিনীপাড়ার ২৩ ব্যাটালিয়নের দেওয়ানবাড়ী বিওপি’র কমান্ডার হাবিলদার মোঃ বাবুল মিয়ার নেতৃত্বে বিজিবির সদস্যরা তাদের আটকের পর মাটিরাংগা থানায় সোর্পদ করে। মাটিরাংগা থানার ওসি মো: সাহাদাৎ হোসেন টিটু জানান, আটককৃতরা ঠিক কোন দেশের নাগরিক তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে তারা নিজেদের বাংলাদেশি বলে দাবি করেছেন। তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে সংশ্লিষ্ট ধারায় ৩২ জনের বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়েছে। আজ বৃহস্পতিবার আটককৃতদের খাগড়াছড়ি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে ।
এদিকে স্থানীয় একটি সুত্র জানায়, আটক ব্যক্তিরা সকলে খাগড়াছড়ি জেলার বাসিন্দা এবং মারমা উপজাতীয়দের সইং নৃত্যদলের সদস্য। ভারতের ত্রিপুরার এ্যালমারা নামক এলাকায় পরলোকগত এক বৌদ্ধ ভিক্ষুর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে ধর্মীয় সইং নৃত্য পরিবেশন করতে তারা সেখানে গিয়েছিল। অনুষ্ঠান শেষে গতকাল বুধবার রাতে মাটিরাংগা সীমান্ত দিয়ে দেশে ফেরার সময় বেআইনী অনুপ্রবেশকারী হিসাবে বিজিবি তাদের আটক করে ।