
নিউজ ডেস্ক : নাটোরে জেএমবির সিরিজ বোমা হামলা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। একই মামলায় অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
সোমবার বেলা পৌনে ১২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক প্রদীপ কুমার এই আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন-আব্দুর রশিদ, দেলোয়ার হোসেন মিঠু, হাফিজুর রহমান হাফিজ, শিহাব উদ্দিন শিহাব ও আব্দুল মতিন ওরফে ইসমাইল। খালাসপ্রাপ্তরা হলেন-শহীদুল্লাহ্ ওরফে ফারুক, শফিউল্লাহ্ ওরফে তারিক।
আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১৭ আগস্ট নিষিদ্ধ ঘোষিত জেএমবি সদস্যরা নাটোরের জেলা প্রশাসকের কার্যালয় ও বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ আটটি স্থানে একযোগে সিরিজ বোমা হামলা চালায়। এই ঘটনায় সরকার পক্ষ বাদী হয়ে সাত জেএমবি নেতার নামে মামলা দায়ের করেন। মামলায় মোট ৬৫ জন সাক্ষীর মধ্যে ৪২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ করে আদালত। দীর্ঘ প্রায় ১১ বছর মামলা চলার পর চলতি মাসের ২৩ তারিখে মামলার শুনানি শেষে আজ মামলার রায় ঘোষণার দিন ধার্য করে আদালত।