
নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের প্রফেসর ড. শিরীন আখতারকে আগামী চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের অষ্টম উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ১৯৭৩-এর ১৪(১) ধারা অনুযায়ী প্রফেসর ড. শিরীন আখতারকে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম কোনো নারী উপ-উপাচার্য হলেন।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য নিয়োগ-সংক্রান্ত একটি ফ্যাক্স বিশ্ববিদ্যালয়ে আসে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. কমারুল হুদা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। এর পরপরই প্রফেসর ড. শিরীন আখতার বিশ্ববিদ্যালয়ের অষ্টম উপ-উপাচার্য হিসেবে যোগদান করেন।
প্রফেসর ড. শিরীন আখতার ১৯৫৬ সালে চট্টগ্রাম শহরস্থ ঈদগাঁয়ে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম আফসার কামাল চৌধুরী এবং মায়ের নাম বেগম লুৎফুন্নাহার কামাল। তার স্বামী মো. লতিফুল আলম চৌধুরী। তিনি ১ ছেলে ও ১ মেয়ের জননী। এ মেধাবী শিক্ষক ১৯৭৩ সালে কক্সবাজার সরকারি গার্লস স্কুল থেকে এসএসসি পাশ করেন । এরপর ১৯৯১ সালে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ১৯৯৬ সালের ১লা জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০০৬ সালের ২৫শে জানুয়ারি অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন।
তার ১৪টি গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশ থেকে প্রকাশিত গল্প, উপন্যাস, গবেষণা প্রবন্ধ রয়েছে। তিনি ২০০৬ সালে নজরুল জন্মজয়ন্তী চট্টগ্রাম কর্তৃক নজরুল পদক সম্মাননাসহ বিভিন্ন সময়ে বিভিন্ন পদকে ভূষিত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী নব-নিযুক্ত উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, ২০১৫ সালের ১৫ই জুন বর্তমান উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিনকে উপ-উপচার্য পদ থেকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকে উপ-উপাচার্য পদটি শূন্য রয়ে যায়। প্রায় ১০ মাস পর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচর্য নিয়োগ দেওয়া হয়।