
নিউজ ডেস্ক: মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় একটি মেছোবাঘকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসীরা।
আজ সোমবার সকালে উপজেলার বলধারা ইউনিয়নের জৈল্যা গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী মোকছেদ আলীসহ কয়েকজন গ্রামবাসী বলে, সকালে মেছোবাঘটি শিকারের জন্য লোকালয়ে এসে একটি ছাগলের বাচ্চাকে ধাওয়া দেয়।
এ সময় কৃষকরা মেছোবাঘটিকে দেখতে পায়। তাদের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে বাঘটিকে ধাওয়া করে আটক করে। পরে, লাঠি দিয়ে মেছোবাঘটিকে পিটিয়ে হত্যা করে তারা। এদিকে, এ খবর পেয়ে দূর-দূরান্ত থেকে সারাদিন উৎসুক জনতা বাঘটিকে দেখতে ভিড় করে।
স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন জানায়, মৃত বাঘটিকে মসজিদের পাশে ফেলে রাখা হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদুল ইসলাম বলে, বন্যপ্রাণী পিটিয়ে হত্যা করা গুরুতর অপরাধ। বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।