
নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ কখনো জঙ্গিদেশ হবে না। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে জঙ্গীবাদ কখনও বাংলাদেশে মাথাচাডা দিতে পারবে না। কারণ বাঙালিরা জঙ্গিবাদে বিশ্বাস করে না। বাঙালিরা ধর্মভীরু, কিন্তু সন্ত্রাস পছন্দ করে না। গতকাল সোমবার বিকেলে মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে এখনো নানা ষড়যন্ত্র চলছে। প্রধানমন্ত্রীকে হত্যায় ১৯ বার অপচেষ্টা চালিয়েছে। কিছুতেই যখন পারছে না, তখন বিদেশি নাগরিক হত্যা করে আইএস নামে চালিয়ে দিয়ে অস্থিতিশীল পরিস্থিতির অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু তদন্ত করে দেখা গেছে- কন্ট্রাকে এসব হত্যা করা হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তনু হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ তদন্ত করছে এবং গোয়েন্দারাও কাজ করছে। তদন্ত কমিটিও হয়েছে। অন্যসব হত্যাকাণ্ডের মত তনু হত্যাকাণ্ডেরও রহস্য উদঘাতি হবে। আলামত নিয়ে পরীক্ষা-নীরিক্ষা করা হবে।ক্যান্টনম্যান্ট এলাকায় সংঘটিত এই ঘটনায় তদন্ত বিঘ্নিত হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সুরক্ষিত এলাকা সেখানে কিভাবেএমন ঘটনা ঘটলো তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্তের আগে বলা যাচ্ছে না।
জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা আওয়মী লীগ সভাপতি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মো. মহিউদ্দিন, এফবিসিসিআই সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহম্মেদ, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, সিভিল সার্জন ডা. শহিদুল ইসলাম ও পিপি অ্যাডভোকেট আব্দুল মতিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আর্কাইভ-১৯৭১’র নির্বাহী পরিচালক প্রণব সাহা অপু। আর্কাইভ-১৯৭১, জেলা শিল্পকলা একাডেমি ও জেলা প্রশাসন ফাউন্ডেশন যৌথভাবে এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে। জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষ এবং আশপাশে বঙ্গবন্ধুর ১৮০টি দুলর্ভ ছবি স্থান পেয়েছে এই প্রদর্শনীতে ।