
নিউজ ডেস্কঃ গাইবান্ধার সাঘাটায় মহানামযজ্ঞ অনুষ্ঠানে চাঁদার টাকা না পেয়ে মন্দিরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। গতকাল উপজেলার পদুমশহর ইউনিয়নের সন্যাসদহ মাঝিপাড়া গ্রামে এঘটনা ঘটে। এ ঘটনায় সন্ত্রাসীদের মদদ দেওয়ার অভিযোগে লাইলী বেগম নামে এক মহিলাকে আটক করেছে পুলিশ।
নামযজ্ঞ অনুষ্ঠানের আয়োজকরা বলেন, সন্যাসদহ মাঝিপাড়া গ্রামে মহানামযজ্ঞ অনুষ্ঠান উপলক্ষে মন্দির এলাকায় মেলা বসে। মেলার দোকানদারদের কাছে এলাকার চিহ্নিত সন্ত্রাসী আব্দুল আজিজ এর নেতৃত্বে কয়েকজন চাঁদা দাবি করে। এতে হরিবাসর কমিটির সভাপতি রাধা চরণ দাস চাঁদার টাকা তুলতে বাধা দেন। এতে সন্ত্রাসীরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে মেলা কমিটির লোকজনের উপর হামলা চালায়। এতে শোভা রাণী, রঙ্গিনী রাণী, মিনা রানী ও অঞ্জলী রাণীদেবসহ ৭ জন আহত হন।
সন্ত্রাসীরা এ সময় মন্দির ভাঙচুর, কালী ও লক্ষ্মী প্রতিমা ভেঙ্গে ফেলে। সন্ত্রাসীরা মারপিট ও ভাঙচুর করে চলে যাওয়ার সময় নামযজ্ঞ অনুষ্ঠান কমিটির ক্যাশিয়ার সুনীল চন্দ্র দাসের কাছে থাকা নগদ সোয়া ১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
গাইবান্ধা জেলা পুলিশ সুপার আশরাফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পুলিশ লাইলী বেগমকে সন্ত্রাসীদের মদদ দেওয়ার অভিযোগে আটক করেছে। এদিকে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রণজিৎ বকসী সূর্য ও যুগ্ম সম্পাদক দীপক কুমার পাল এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।