
নিউজ ডেস্কঃ অর্থায়ন নিশ্চিত না করেই পটুয়াখালীতে ১৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন (দুটি ইউনিট) পায়রা বিদ্যুৎকেন্দ্র নির্মাণে চুক্তি হচ্ছে আজ । চীনের দ্য ফার্স্ট ফার্স্ট নর্থ-ইস্ট ইলেকট্রিক পাওয়ার ইঞ্জিনিয়ারিং কোম্পানির (এনইপিসি) সঙ্গে বিদ্যুৎকেন্দ্রটির মালিক বাংলাদেশ-চীন বিদ্যুৎ কোম্পানির (বিসিপিসিএল) এ চুক্তি সই হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামিকাল বুধবার এ বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে বিদ্যুৎ বিভাগ বলছে ।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী বলেন, রাজধানীর র্যাডিসন হোটেলে আজ বিকেল ৫টায় পায়রা বিদ্যুৎকেন্দ্র নির্মাণে চুক্তি সই হবে । অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন ।
১৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ৫৬ বিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা । তবে অর্থায়নের বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি ।
এ বিদ্যুৎকেন্দ্রটির ইপিসি (প্রকৌশল, আহরণ ও নির্মাণ) ঠিকাদার হিসেবে এনইপিসিকে নিয়োগ দেওয়া হয়েছে । ৬৬০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিটের প্রথমটি ২০১৮ সালের ডিসেম্বরে উৎপাদনে আসবে এবং অপরটি ২০১৯ সালের জুনে আসবে । প্রতি ইউনিট (ওয়াট) বিদ্যুতের সম্ভাব্য দাম নির্ধারণ করা হচ্ছে সাড়ে ছয় টাকা ।
বাংলাদেশের নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি (এনডব্লিউপিজিসি) এবং চীনের চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সমান অংশীদারিত্বে বাংলাদেশ-চীন বিদ্যুৎ কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল) গঠিত হয়েছে । এ বিদ্যুকেন্দ্র নির্মাণে এনডব্লিউপিজিসি এবং বিসিপিসিএল ১৫ শতাংশ করে মোট ৩০ ভাগ বিনিয়োগ করবে । বাকি ৭০ ভাগ ঋণ নেওয়া হবে ।