News71.com
 Bangladesh
 15 Feb 17, 06:50 PM
 215           
 0
 15 Feb 17, 06:50 PM

ত্রাণবাহী জাহাজ চট্টগ্রামে ।। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ত্রাণবাহী জাহাজ চট্টগ্রামে ।। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ রোহিঙ্গাদের জন্য ত্রাণবাহী মালয়েশিয়ার জাহাজটি ইয়াঙ্গুনে বিরূপ অভিজ্ঞতার পর বাংলাদেশে এসে শান্তিপূর্ণভাবে চট্টগ্রাম বন্দরে ভেড়ার  খবরে বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড: নজিব রাজাক। গতকাল মঙ্গলবার ফেইসবুকে ধন্যবাদ জানিয়ে একটি স্ট্যাটাস দেন তিনি। পরে ওই স্ট্যাটাস নিয়ে মালয়েশিয়ার পত্রিকায় প্রতিবেদনও প্রকাশিত হয় ।

স্ট্যাটাসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী লিখেছেন, “রোহিঙ্গাদের জন্য দুই হাজার টন পণ্য নিয়ে নটিক্যাল আলিয়া বাংলাদেশে পৌঁছেছে। মালয়েশিয়ার স্বেচ্ছাসেবী ও এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন। ধন্যবাদ জানাই বাংলাদেশকে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যিনি এর শুভসংকেত দিলেন। ” জানা গেছে, গোলযোগপূর্ণ রাখাইন রাজ্যে নিপীড়নের শিকার রোহিঙ্গাদের জন্য খাবার ও জরুরি ত্রাণ নিয়ে এ মাসের শুরুর দিকে মালয়েশিয়ার জাহাজ নটিক্যাল আলিয়া মালয়েশিয়া থেকে রওনা হয়ে গত ৯ই ফেব্রুয়ারি ইয়াঙ্গুনে পৌঁছালে বিক্ষোভের মুখে পড়ে। পরে ৫০০ টন খাবার ও ওষুধসহ বিভিন্ন সামগ্রী ইয়াঙ্গুনে সরবরাহের পর বাকি পণ্য নিয়ে জাহাজটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয় এবং গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় ।

উল্লেখ্য, গত অক্টোবরে মিয়ানমারের ৩ টি সীমান্ত পোস্টে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলায় দেশটির ৯ সীমান্ত পুলিশের মৃত্যুর পর রাখাইন রাজ্যের রোহিঙ্গা অধ্যুষিত জেলাগুলোতে শুরু হয় সেনাবাহিনীর দমন অভিযান। নিপীড়নের মুখে পালাতে থাকা রোহিঙ্গাদের ঢল নামে বাংলাদেশ সীমান্তের দিকে। সরকারি তথ্য অনুযায়ী, গত ৪ মাসে প্রায় ৬৯ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছেন। আর মালয়েশিয়া সরকার নিবন্ধিত ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ শরণার্থীর দেখভাল করছে, যাদের মধ্যে ৫৫ হাজার ৫৬৫ জনই রোহিঙ্গা মুসলমান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন