News71.com
 Bangladesh
 15 Feb 17, 07:01 PM
 237           
 0
 15 Feb 17, 07:01 PM

রোহিঙ্গা বিষয়ে বিশ্ব সম্প্রদায় উদ্বিগ্ন, সাংবাদিক ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী । ।  

রোহিঙ্গা বিষয়ে বিশ্ব সম্প্রদায় উদ্বিগ্ন, সাংবাদিক ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী । ।   

 

নিউজ ডেস্কঃ; পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, জার্মানির মিউনিখে আসন্ন নিরাপত্তা শীর্ষ সম্মেলনে ঢাকা রোহিঙ্গা ইস্যুটি উত্থাপন করতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মানি সফর উপলক্ষে আজ বুধবার আয়োজিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা বিষয়ে বিশ্ব সম্প্রদায় উদ্বিগ্ন। আমরা রোহিঙ্গা ইস্যুটি মিউনিখ শীর্ষ সম্মেলনে তুলতে পারি। তিনি বলেন, এটি পুরোপুরি মায়ানমারের বিষয়। তাই এ সংকট সমাধানের উপায় তাদেরই খুঁজে বের করতে হবে।

৫৩তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগদানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানির উদ্দেশ্যে আগামীকাল বৃহস্পতিবার ঢাকা ত্যাগ করবেন। ১৭ ফেব্রুয়ারি এ সম্মেলন অনুষ্ঠিত হবে। পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় কঠোর ভাষায় রোহিঙ্গা ইস্যুতে মায়ানমারের ভূমিকার সমালোচনা করেছে। মানবাধিকার বিষয়ক জাতিসংঘ কমিশন বলেছে, এ পর্যন্ত বাংলাদেশ এককভাবে রোহিঙ্গা ইস্যু দেখাশোনা করছে। রোহিঙ্গা সমস্যা সমাধানে সারা বিশ্বের এগিয়ে আসা উচিৎ।

 মাহমুদ আলী বলেন, বিলম্বে হলেও আন্তর্জাতিক সম্প্রদায় বুঝতে পেরেছে যে, বাংলাদেশ এককভাবে রোহিঙ্গা সমাধানে সক্ষম হবে না। রোহিঙ্গা সংকট মোকাবেলায় ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ প্রতিবেশী দেশগুলো বাংলাদেশের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। তারা বুঝতে পেরেছে, বাংলাদেশ এককভাবে রোহিঙ্গা সমস্যার বোঝা বহন করতে পারবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন