
নিউজ ডেস্কঃ দায়মুক্তি পাওয়া আরও একটি মামলায় আসামি হচ্ছেন রেলওয়ে পূর্বাঞ্চলের বরখাস্ত হওয়া মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা। আজ বুধবার তাঁর বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগপত্র অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বলেছেন, ট্রেড অ্যাপ্রেনটিস পদে নিয়োগ দুর্নীতি মামলার অধিকতর তদন্তে ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় কমিশন তাঁর বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র অনুমোদন দিয়েছে। এর ফলে এ মামলার এজাহারভুক্ত ৩০ জনই অভিযোগপত্রে আসামি হলেন।
এর আগে গত মাসে আরও ছয় মামলায় মৃধার বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র অনুমোদন দেয় কমিশন। মামলাগুলো গুডস সহকারী, সিনিয়র ডেটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, কার্পেন্টার, শরীরচর্চা শিক্ষক, রেকর্ড সহকারী এবং কোর্ট ইন্সপেক্টর নিয়োগে অনিয়ম, জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে করা। এসব মামলায় এজাহারভুক্ত আসামি হলেও তাঁকে দায়মুক্তি (অভিযোগপত্র থেকে অব্যাহতি) দিয়েছিল দুদক।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর গত বছরের ৩ জানুয়ারি ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে করা সাত মামলার নথি অধিকতর তদন্তের জন্য দুদকে ফেরত পাঠান। এসব মামলায় মৃধাকে অব্যাহতির সুপারিশ করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছিল। ২০১২ সালের ৯ এপ্রিল তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বাসায় যাওয়ার পথে টাকার বস্তাসহ আটক হন রেলওয়ে পূর্বাঞ্চলের তৎকালীন মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা। এ ঘটনায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। পরে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। মৃধা পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক থাকার সময় রেলের ১৩টি ক্যাটাগরিতে ১ হাজার ৬৯ জন কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। এ নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। তদন্ত শেষে মামলা হয় ১৩টি। এ ছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয় একটি। ২০১২ সাল থেকে দুই বছর পলাতক ছিলেন মৃধা। ২০১৪ সালের ৩ মার্চ চট্টগ্রাম আদালতে আত্মসমর্পণ করেন তিনি। জামিন আবেদন নামঞ্জুর হলে সেদিন থেকে তিনি কারাগারে রয়েছেন।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে মৃধার বিরুদ্ধে আরেকটি মামলায় গত বছরের আগস্টে ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আমিনুল ইসলাম মৃধাকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। কারাদণ্ডের পাশাপাশি মৃধাকে ১৫ লাখ টাকার অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেন আদালত। এ ছাড়া চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে মৃধার বিরুদ্ধে রেলে নিয়োগে দুর্নীতির আরও ছয়টি মামলার সাক্ষ্য গ্রহণ চলছে।