News71.com
 Bangladesh
 16 Feb 17, 11:26 AM
 249           
 0
 16 Feb 17, 11:26 AM

জেলা ও জাতীয় পর্যায়ে মনিটরিং সেল গঠন করা প্রয়োজন ।। পর্যটনমন্ত্রী মেনন

জেলা ও জাতীয় পর্যায়ে মনিটরিং সেল গঠন করা প্রয়োজন ।। পর্যটনমন্ত্রী মেনন

অর্পিত সম্পত্তি আইন বাস্তবায়ন

 

নিউজ  ডেস্কঃ দীর্ঘ ৫২ বছরের অর্পিত সম্পত্তি আইনবিষয়ক জটিলতা নিরসনে মাঠপর্যায়ে আইন বাস্তবায়ন দীর্ঘসূত্রতার অবসানকল্পে অর্পিত সম্পত্তি আইন বাস্তবায়নের জেলা ও জাতীয় পর্যায়ে সরকারি-বেসরকারি প্রতিনিধিদের সমন্বয়ে মনিটরিং সেল গঠন করা প্রয়োজনের কথা বলেন বেসরকারি বিমানচলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। গতকাল সিরডাপ মিলনায়তনে অর্পিত সম্পত্তি আইন বাস্তবায়ন জাতীয় নাগরিক সমন্বয় সেলের ৯টি ভূমি ও মানবাধিকার সংস্থা কর্তৃক আয়োজিত জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় মেনন এ কথা বলেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। তিনি তার লিখিত বক্তব্যে ৯টি বিশেষ দাবির কথাও উল্লেখ করেন। এতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার ট্রাইব্যুনালের রায় বাস্তবায়ন করা হলে সরকারের মৌলিক অধিকার কিভাবে হয় সেই প্রশ্ন উত্থাপন করে বলেন, আইনমন্ত্রীর অনুশাসন মোটেই সমীচীন হয়নি। অন্য বক্তারা বলেন, ট্রাইব্যুনালে অর্পিত সম্পত্তির ‘ক’ তফসিলভুক্ত সম্পত্তির আবেদন নিষ্পত্তি হচ্ছে না এবং নিষ্পত্তি হলেও মামলায় রায় বাস্তবায়ন হচ্ছে না।

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আপিল ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে রিট করা যাবে আইনমন্ত্রীর এই অনুশাসন আইন বাস্তবায়ন প্রক্রিয়ায় আরো অচলাবস্থা তৈরি করেছে। আইন বাস্তবায়নের প্রক্রিয়া যেন সাপ-লুডু খেলায় পরিণত হয়েছে। মানবাধিকার নেত্রী সুলতানা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে আলোচনায় অংশ নেন শামসুল হুদা, কামাল লোহানী, অ্যাডভোকেট তবারক হোসেইন, অ্যাভোকেট সুব্রত চৌধুরী, কাজল দেবনাথ, রুহিন হোসেন প্রিন্স, অ্যাডভোকেট এস এম রেজাউল করিম আলোচনায় অংশ নেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন