News71.com
 Bangladesh
 29 Mar 16, 09:53 AM
 672           
 0
 29 Mar 16, 09:53 AM

শিক্ষা বিষয়ক পোর্টাল এডুটিউবের যাত্রা শুরু......

শিক্ষা বিষয়ক পোর্টাল এডুটিউবের যাত্রা শুরু......

নিউজ ডেস্কঃ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে শিক্ষা বিষয়ক কনটেন্ট শেয়ারিং পোর্টাল ‘এডুটিউববিডি ডট কম’।রাজধানীর সোনারগাঁও হোটেলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই পোর্টালের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির উপাচার্য জামিলুর রেজা চৌধুরী উপস্থিত ছিলেন । পোর্টালটিতে যে কেউ বিনামূল্যে একাউন্ট খোলা ছাড়াও সাবস্ক্রাইব এবং শিক্ষা উপকরণ আপলোড-ডাউনলোড করতে পারবেন। শিক্ষার্থীদের কথা মাথায় রেখে প্রযুক্তি প্রতিষ্ঠান এথিক্স অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড (ইএটিএল) পোর্টালটি উন্নয়ন করেছে।

উদ্যোক্তরা জানিয়েছেন, এই পোর্টালে শিক্ষার্থীদের জন্য অনুশীলন ও টুলস থাকবে। শিক্ষকরা আলাদা নেটওয়ার্কে যুক্ত হয়ে তাদের লেকচার আপলোড করতে পারবেন।
পোর্টালটির উদ্বোধন করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এটাই ডিজিটাল বাংলাদেশ, এটাই স্বাধীনতা, এটাই উন্নতি।প্রযুক্তি ব্যবহার করলেও শিক্ষার্থীদের ‘প্রযুক্তির দাস’ না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভাল জ্ঞান অর্জন করলেই হবে না, ভাল মানুষ হতে হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এই পোর্টালের যাত্রাকে শিক্ষাখাতের যুগান্তকারী ঘটনা হিসেবে উল্লেখ করে বলেন, গ্রাম-গঞ্জে ভাল শিক্ষার ব্যবস্থা নেই, আধুনিক অবকাঠামোও নেই। গ্রামের শিক্ষার্থীরাও এই পোর্টালের কনটেন্ট ব্যবহার করতে পারবেন।

১৬টি বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত ল্যাব প্রতিষ্ঠার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “১২৯টি বিশ্ববিদ্যালয়ে থ্রিডি প্রিন্টার ল্যাব এবং বিশেষায়িত ল্যাব স্থাপনে পরিকল্পনা নিয়েছি । ২০২১ সালের মধ্যেই দেশের সব বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ দেওয়া হবে। প্রাথমিক স্তরের ১৭টি বইয়ের ডিজিটাল কনটেন্ট তৈরির কথা ‍তুলে ধরে তিনি বলেন, এক মাসেরও কম সময়ে সাড়ে তিন লাখ ডিজিটাল কনটেন্ট ডাউনলোড হয়েছে।

জামিলুর রেজা চৌধুরী স্মার্ট ফোন তৈরিতে খরচ কমানোর ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের জন্য বাংলায় শিক্ষামূলক ওয়েবসাইট নেই উল্লেখ করে তিনি যাচাই না করে কনটেন্ট আপলোড না করার আহ্বান করেন । কোয়ালিটি নিশ্চিত করে কনটেন্ট তৈরি না হলে তাতে খুব লাভ হবে না । ভাল শিক্ষকদের দিয়ে ভাল মানের কনটেন্ট তৈরি করাতে হবে।

ইএটিএলের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান এম এ মুবিন খান বলেন, আগামী পাঁচ বছরে এক কোটি শিক্ষার্থীকে এই নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা রয়েছে তাদের । বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখেই পোর্টাল তৈরি করা হয়েছে। আগামী এক বছরে ১০টি গ্রুপ এক হাজার বিদ্যালয়ে গিয়ে এই পোর্টাল নিয়ে প্রচারণা চালিয়ে শিক্ষার্থীদের এতে যুক্ত করতে কাজ করবে। শিক্ষার্থীদের এই পোর্টালের সঙ্গে যুক্ত করতে শিক্ষামন্ত্রীর সহযোগিতাও চানান মুবিন খান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন