
নিউজ ডেস্ক: কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছে, ফুলের ক্ষেত্রে আমার নিজস্ব একটা চাহিদা আছে। আমি সুগন্ধী ফুল চাই। যে ফুল তার সৌন্দর্য দিয়ে আমাকে আকর্ষণ করবে, সুবাস দিয়ে মন ভরিয়ে দেবে। তেমনি নয়ন ও মন ভরিয়ে দেওয়া ফুল চাই। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর খামার বাড়িতে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট কেআইবি মিলনায়তনে ২দিন ব্যাপী ফুল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফ্লাওয়ার ফেস্ট নামে এ প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি।
কৃষিমন্ত্রী বলে, অনেক ফুলই আছে, যাতে কোনো সুবাস নেই। আমাদের উষ্ণমণ্ডলীয় দেশ। এখানে সুবাসের অভাব হবে না। তাই সুবাসের জন্য ফুল নিয়ে গবেষকদের গবেষণা বাড়াতে হবে।
বশরাই গোলাপের প্রসঙ্গ তুলে কৃষিমন্ত্রী মতিয়া বলেন, এক সময়ে বশরাই গোলাপ দেখা যেত। একটা গোলাপ ঘরে থাকলে পুরো ঘরে তার সুবাস ছড়াতো। এখন গোলাপ আছে অনেক, কিন্তু সচরাচর সেই সুবাসিত বশরাই গোলাপ পাওয়া যায় না। এ সময় তিনি বাণিজ্যিকভাবে বশরাই গোলাপ চাষে ফুল চাষিদের আহ্বান জানায়।
স্মৃতিচারণ করে তিনি বলেন, এক সময়ে স্কুল-কলেজের বিভিন্ন অনুষ্ঠানে অতিথিকে কাগজ দিয়ে তৈরি ফুলের মালা পরানো হতো। ২১ ফেব্রুয়ারির আগে আমাদের লক্ষ্য থাকতো কোন বাড়িতে ফুল আছে। অনেকে বাড়ি থেকে চুপি চুপি ফুল আনা হতো, আবার অনেকে স্বেচ্ছায় দিতেন।
দেশে এই প্রথম ফুল মেলার আয়োজন করার জন্য বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটিকে আন্তরিক অভিনন্দন জানায় মন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রণালয়ের সচিব মঈনদুদ্দিন আব্দুল্লাহ বলেন, এখন ফুল কেনার প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। আগে প্রতিবেশি দেশ থেকে আসা ফুল বহনকারী ফ্লাইট মিস হলে অনুষ্ঠান সাজাতে ফুল পেতাম না। এখন আর তাদের দিকে তাকিয়ে থাকতে হয় না।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেয়- কৃষি মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব আনোয়ারুল ফারুক, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো. হামিদুর রহমান, ইউএসএইড’র টিম লিডার মার্ক টেজেনফিল্ড। ফুল চাষের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করে বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির উপদেষ্টা ড. গয়ানাথ সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করে- সোসাইটির সভাপতি আবদুর রহিম।
আয়োজকরা জানায়, মেলায় স্টলের সংখ্যা ২০টি।আগামি বুধবার রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলা উপলক্ষে আয়োজন করা হয়েছে ফ্যাশন শো, গোলটেবিল বৈঠক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।