
নিউজ ডেস্ক: মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন দুঃসময়ে প্রবাসীরা পাশে দাঁড়িযেছে বলে মন্তব্য করেছেন কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সিপিএ নির্বাহী কমিটির চেয়ারম্যান, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, প্রবাসীরা এগিয়ে আসলে সরকারের হাত আরও শক্তিশালী হবে।
আজ বুধবার বিকেলে সিলেটের বালাগঞ্জ ডিএন উচ্চ বিদ্যালয় মাঠে প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট ইউকে’র বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, শিক্ষাক্ষেত্রে ছেলেদের পাশাপাশি মেয়েরাও এগিয়ে যাবে-এটাই প্রধানমন্ত্রীর অঙ্গীকার। এরই ধারাবাহিকতায় কাজ করছে সরকার। ১১শ’ শিক্ষার্থীর মধ্যে ৩৩ লাখ টাকা বৃত্তি বিতরণ করায় বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট ইউকে’র ভূয়সী প্রশংসা করেন তিনি।
স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের সূচনা হয়েছে। অর্থনীতির ক্ষেত্রে দেশ সমৃদ্ধ হচ্ছে। আর এর সব কিছুতে প্রবাসীদের অবদান রয়েছে। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে প্রবাসীরা এগিয়ে এসে সরকারে পাশাপাশি যে উৎসাহ যোগান দিচ্ছে, এজন্য প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানায় তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করে প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি মো. বদরুল ইসলাম।
ট্রাস্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন-অর-রশিদ ও বৃত্তি বিতরণ কমিটির আহ্বায়ক মো. মশিউর রহমান মশনুর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখে- সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, মৌলভীবাজার সদর আসনের এমপি সৈয়দা সায়রা মহসিন, সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াইয়াহ চৌধুরী এহিয়া, সংসদ সদস্য আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, জাতিসংঘের স্থায়ী কমিটি
সাবেক প্রতিনিধি ড. এ. কে. এম আব্দুল মোমেন, সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা শাহ আজিজুর রহমান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদাল মিয়া, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর প্রমুখ।