
নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সুষ্ঠু নির্বাচন করতে সরকার ভয় পায়। জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে না বিষয়টি ভালোভাবে জানার কারণেই সরকার বিএনপি নেতাকর্মীদের জেলে ঢোকাচ্ছে। সরকার নিজেদের লোক দিয়ে নির্বাচন করে আবারও ক্ষমতায় আসতে চায়। এক খেলা বার বার খেলা যায় না। কৌশলে বার বার নির্বাচন করে ক্ষমতায় আসা যায় না। আজ বুধবার নয়াপল্টনে ভাসানী ভবনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
নজরুল ইসলাম খান বলেন, বিএনপি গণতান্ত্রিক দল। আন্ডার গ্রাউন্ড দল বিএনপি নয়। বিএনপি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে ক্ষমতায় আসতে চায়। আওয়ামী লীগ সরকারের আমলে গণতন্ত্রকে অপমান করা হয়েছে এমন দাবি করে নজরুল ইসলাম বলেন, যে গণতন্ত্রকে ৫২ এবং ৭১ রক্তের বিনিময়ে অর্জন করেছি, ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য আওয়ামী লীগ সেই গণতন্ত্রকে হত্যা করেছে। বিএনপির নির্বাহী কমিটির সদস্য জেবা খানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।