News71.com
 Bangladesh
 31 Mar 16, 02:37 AM
 697           
 0
 31 Mar 16, 02:37 AM

রব তুলেছেন এক নারী ভোটার , একটা ভোটের কিন্তু দাম আছে.......

রব তুলেছেন এক নারী ভোটার , একটা ভোটের কিন্তু দাম আছে.......

নিউজ ডেস্কঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন। পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি অনেকটা বেশি। পছন্দের প্রার্থীকে ভোট দিতে উন্মুখ হয়ে আছেন।

অসুস্থ শরীর নিয়ে এ কেন্দ্রে ভোট দিতে এসেছেন হাজেরা খাতুন (৫০)। স্থানীয় চরকুনা গ্রামে তার বাড়ি। একমাত্র মেয়ে আছমা খাতুন দায়িত্বরত আনসার সদস্য নুরজাহান বেগমের কাছে কাকুতি-মিনতি করছে আগে ভাগে তার মাকে ভোট দেওয়ার সুযোগ দিতে। কিন্তু এ আনসার সদস্যের কণ্ঠে কাঠিন্য ভাব।

এ ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী শহীদুল ইসলাম ওরফে ভিপি শহীদের ব্যাজ গলায় ঝুলানো রফিকুল ইসলাম নামে একজনও তাকে অনুরোধ করেন ওই বৃদ্ধাকে আগে ভোট দেওয়ার সুযোগ দিতে। কিন্তু কোনো অনুরোধেই তিনি সিরিয়াল ব্রেক করতে নারাজ।

এ সময় হাজেরা খাতুনের মেয়ে আছমা খাতুন হাঁক দিলে একটা ভোটের কিন্তু দাম আছে। এগিয়ে যেতেই তিনি আগে ভোট দেওয়ার আগ্রহের আদ্যোপান্ত বর্ণনা করলেন। বললেন ভোট মূল্যবান জিনিস। সকালে মা’রে অক্সিজেন দিয়া ভোটকেন্দ্রে নিয়া আইছি। একটা ভোটের লেইগ্যা প্রার্থী ফেলও করতে পারে। এমন সময় পেছনেই দাঁড়ানো দায়িত্বরত আনসার সদস্য নূরজাহান (৪৫) বলে সবাই আগে ভোট দিবার চায়। কারো তর সয় না। দেখেন না সবাই ধাক্কাধাক্কি করতাছে। কেউ কথা শুনে না।

ময়মনসিংহের গৌরীপুরের অচিন্তপুর ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মাঝে রীতিমতো উৎসবের আমেজ। সকালে রান্নাবান্না ও গৃহস্থলির কাজ শেষ করে ৩ মাস বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে হেঁটে ভোটকেন্দ্রে এসেছে আকলিমা আক্তার (৩০)। কাছের মোবারকপুর গ্রামে তার বাড়ি।

কেমন প্রার্থীকে ভোট দেবে জানতে চাইলে উত্তর দেন গরীবরে দেখাশুনা করবো এমন প্রার্থীরেই ভোট দিমু। কারো কথায় কান দিমু না। নারী ভোটারদের লাইনের সামনে গিয়ে দাঁড়ালে স্থানীয় চরকুনা গ্রামের মাহমুদ আক্তার ইতি অভিযোগ করে মন্থর গতিতে ভোট কাস্ট হচ্ছে। দীর্ঘ দেড় ঘণ্টা ধরে তিনি লাইনে দাঁড়িয়ে আছেন। কেমন প্রার্থীকে পছন্দ জিজ্ঞাসা করলে বলেন সৎ প্রার্থী। যিনি শুধু প্রতিশ্রুতি নয় সত্যিকার অর্থে গ্রামের উন্নয়ন করবে। এমন প্রার্থীকেই বেছে নেবো।

নারী ভোটারদের ঠিক সামনেই পুরুষদের লাইনে দাঁড়ানো আব্দুল হান্নান নামে এক ভোটার বলে চরিত্রবান প্রার্থীকে নির্বাচিত করবো। হান্নানের সঙ্গে আলাপের সময়েই ওয়াসিম নামের আরেক ভোটার বলে সুষ্ঠু ভোট হইতাছে। কোনো গণ্ডগোল নাই। ঠিকমতোই সবাই ভোট দিছে।

এ ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জাহিদুল আলম বলেন এ ভোট কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৬৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৩৪৫। নারী ভোটার ১ হাজার ৩৩৭ জন। সকাল ১০ টা পর্যন্ত ৫১০ ভোট কাস্ট হয়েছে।

গৌরীপুর উপজেলার ১০ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছে ৫৩ প্রার্থী। সাধারণ সদস্য পদে ৩৭৩ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এখানে মোট ভোটার ২ লাখ ৬ হাজার ৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩ হাজার ৭৫৩ জন, নারী ভোটার ১ লাখ ২ হাজার ২৮৭ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন