
নিউজ ডেস্কঃ নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় সন্দেহভাজন ছিনতাইকারীদের গুলিতে এক যুবক নিহত হয়েছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে উপজেলার শরীফপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. ফারুক (২৪)। তাঁর বাড়ি শরীফপুর গ্রামে। বাবার নাম নুরুল আমিন। ফারুক পেশায় মোটরসাইকেলের মেকানিক ছিল।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে ফারুকের লাশ উদ্ধার করে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, ফারুক ৬ মাস আগে উপজেলার চৌমুহনী পূর্ব বাজারে ড্রিম হাসপাতালের কাছে মোটরসাইকেল মেরামতের একটি ওয়ার্কশপ দেয়। গতকাল রাতে ওয়ার্কশপ বন্ধ করে ছোট ভাই মিলনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ফারুক। পথে ৩-৪জন সন্দেহভাজন ছিনতাইকারী তাঁদের মোটরসাইকেল থামায়। তাঁদের সঙ্গে থাকা মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। একপর্যায়ে ছিনতাইকারীরা ফারুককে গুলি করে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হয়।
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. জসিম উদ্দিন বলেন সম্ভবত ছিনতাইকারীদের চিনে ফেলার কথা বলায় ফারুককে মাথায় গুলি করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।