News71.com
 Bangladesh
 31 Mar 16, 08:54 AM
 638           
 0
 31 Mar 16, 08:54 AM

আকস্মিক বজ্রপাতে পাঁচ জেলায়  ৮ জনের মর্মান্তিক মৃত্যু ।।

আকস্মিক বজ্রপাতে পাঁচ জেলায়  ৮ জনের মর্মান্তিক মৃত্যু ।।

নিউজ ডেস্কঃ বাগেরহাট, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ফরিদপুর ও নেত্রকোনায় আজ বজ্রপাতে দুই শিক্ষার্থীসহ মোট আটজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন। সংবাদদাতারা জানিয়েছেন আজ সকালে কয়েকজন দিনমজুর বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের কামলা গ্রামে একটি কলাবাগানে কাজ করছিলেন। দুপুরের দিকে সেখানে বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে উপজেলার ছোট কুমারখালী গ্রামের কালিপদ মজুমদার (৫০) ও গড়ঘাটা গ্রামের রফিকুল ইসলামের (২৫) মৃত্যু হয়। আহত হন সাইফুল শেখ (২৫) নামের একজন। তাঁকে পিরোজপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক বিশ্বাস বলেন, দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজবাড়ীতে আজ দুপুরের দিকে রাজবাড়ী সদর উপজেলায় বজ্রপাতে এক শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু হয়েছে। তারা হলো শিক্ষার্থী রাজু মোল্লা (১৬) ও কৃষক লাবলু মোল্লা (৪২)। রাজু উপজেলার বসন্তপুর ইউনিয়নের শায়েস্তাপুর গ্রামের ইশারত হোসেন মোল্লার ছেলে। সে এবার রাজাপুর ইয়াছিন ইনস্টিটিউট থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। কৃষক লাবলুর বাড়ি সুলতানপুর ইউনিয়নের ধমর্শী গ্রামে।

বসন্তপুর ইউনিয়ন পরিষদের (ইউপি)‍ চেয়ারম্যান জাকির হোসেন ও সুলতানপুরের ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন এ দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ।

কিশোরগঞ্জে বিকেল চারটার দিকে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার মধ্য অষ্টগ্রাম বড় হাওরে বৃষ্টির সময় বজ্রপাতে মো. সালু মিয়া (৩৮) ও মো. শহিদুল্লাহ (৪০) নামের দুই কৃষকের মৃত্যু হয়েছে। তাঁদের বাড়ি অষ্টগ্রামে। অষ্টগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুম তাঁদের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

ফরিদপুরে আজ দুপুরে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে বজ্রপাতে হাসান মোল্লা (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। সে স্থানীয় কৃষ্ণনগর উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দেয়। ফরিদপুর কোতোয়ালি থানার ওসি নাজিমউদ্দিন আহমেদ বলেন, আজ বেলা দুইটার দিকে ঝড়-বৃষ্টি শুরু হলে হাসান বাড়ির পাশে মাঠ থেকে গরু আনতে যায়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই সে মারা যায়।

নেত্রকোনা মডেল থানার ওসি এসএম মাছুদুল আলমের বলেন, আজ বেলা পৌনে দুইটার দিকে নেত্রকোনার সদর উপজেলার মেদনী নোয়াপাড়া গ্রামে বজ্রপাতে আবদুল খালেক (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামেরই বাসিন্দা। মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন