News71.com
 Bangladesh
 24 Feb 17, 07:12 PM
 190           
 0
 24 Feb 17, 07:12 PM

গ্যাসের দাম কম ছিল তাই বৃদ্ধি করা হল ।। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

গ্যাসের দাম কম ছিল তাই বৃদ্ধি করা হল ।। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

নিউজ ডেস্কঃ গ্যাসের দাম আগে কম ছিল বলে এখন বাড়ানো হয়েছে। এ মন্তব্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের। আজ শুক্রবার সিলেটে অবস্থানকালে সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন। গতকাল বৃহস্পতিবার গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ঘোষণা অনুযায়ী, মার্চ থেকে এক চুলার গ্যাসের জন্য খরচ করতে হবে ৭৫০ টাকা, এটা জুনে বেড়ে গিয়ে দাঁড়াবে ৯০০ টাকায়। আর মার্চ থেকে দুই চুলার গ্যাসের জন্য খরচ যাবে ৮০০ টাকা, যা জুনে গিয়ে বেড়ে হবে ৯৫০ টাকা। বর্তমানে প্রতি চুলা গ্যাসের দাম রাখা হচ্ছে ৬০০ টাকা, আর ‍দুই চুলার জন্য নেওয়া হচ্ছে ৬৫০ টাকা।

এদিকে, ‘কানাডার ফেডারেল আদালতের রায়ে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলার বিষয়টি সরকারের চক্রান্ত’ বিএনপির এমন দাবি প্রসঙ্গে সাংবাদিকদের অর্থমন্ত্রী বলেছেন, ‘বিএনপি যেখানেই ব্যর্থ হয়, সেখানেই ষড়যন্ত্র দেখে।’ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ‘দেশের স্বার্থে বিরোধী দল থাকা উচিত। তারা সমালোচনা না করলে আমরা সচেষ্ট থাকব না। কিন্তু বিরোধী দলকে গঠনমূলক হতে হবে।’ দেশের উন্নয়নের স্বার্থে ভবিষ্যতে একটি গঠনমূলক বিরোধী দল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি উন্নয়নের ধারাবাহিকতা রাখতে হলে আগামী ২০১৮ সালের ডিসেম্বরে সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বানও জানান।

চুক্তি সই  সিলেট সিটি করপোরেশনের শিক্ষা ও পরিবেশ উন্নয়নে গৃহীত প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ এবং ভারত সরকারের মধ্যে প্রায় ২৫ কোটি টাকার একটি অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে সিলেটের সার্কিট হাউসে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উপস্থিতিতে বাংলাদেশের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমিনুল হক এবং ভারত সরকারের পক্ষে

বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব উপস্থিত ছিলেন। উন্নয়ন প্রকল্পগুলো হলো একটি কিন্ডারগার্টেন স্কুল নির্মাণ, একটি ক্লিনিক নির্মাণ ও ধোপাদীঘির পাড়ে ওয়াকওয়ে নির্মাণ। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা বলেন, বাংলাদেশ ও ভারত যৌথভাবে কাজ করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। ভারত সরকার সব সময় এ ধারাবাহিকতা বজায় রাখতে চায়। জঙ্গিবাদ দমনে বাংলাদেশের প্রশংসা করে তিনি বলেন, ‘এ ইস্যুতে সব সময় দুই দেশ একসঙ্গে কাজ করবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন