
নিউজ ডেস্কঃ ঢাকার অদুরে সাভার থেকে অজ্ঞাত পরিচয় ২ ব্যাক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ার জামগড়া এলাকা থেকে লাশদুটি উদ্ধার করা হয়েছে । এ ২ ব্যাক্তিকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ তাদের পরিচয় জানাতে পারেনি। সাভার মডেল থানা সুত্রে জানাযায় , সকাল ৬টার দিকে হেমায়েতপুরের নন্দখালী হলমার্কের সম্পত্তির সীমানার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির জবাই করা লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন।
পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ওই ব্যক্তির সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ।
অন্যদিকে সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় একটি বাড়ি থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় পৃথক ২টি মামলা দায়ের করেছে পুলিশ।