
নিউজ ডেস্কঃ দেশের বেরসকারি খাত উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখতে ৪টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংককে ৪ কোটি ডলার বাণিজ্যিক ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশী মুদ্রায় এ ঋণের পরিমাণ প্রায় ৩২০ কোটি টাকা। এ অর্থ বেসরকারি উদ্যোক্তাদের মাঝে ঋণ আকারে প্রদান করা হবে। এডিবি থেকে ঋণ পাওয়া ব্যাংকগুলো হল- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক, সাউথইস্ট ব্যাংক এবং পূবালী ব্যাংক।
গত বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আবাসিক কার্যালয়ে সংশ্লিষ্ট ৪ ব্যাংকের সঙ্গে এই ঋণ চুক্তি হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ৪ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দ্বিপাক্ষিক এ চুক্তিতে এডিবির পক্ষে স্বাক্ষর করে ট্রেড ফাইন্যান্স বিভাগের প্রধান স্টিভেন বাক। অন্যদিকে সিটি ব্যাংকের পক্ষে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান, সাউথইস্ট ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক শহীদ হোসেন ও পূবালী ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হালিম চৌধুরী স্বাক্ষর করেন