
নিউজ ডেস্কঃ ১৬ কোটি মানুষের দেশে বিচারক আছেন মাত্র দেড় হাজার। তারপর আছে বিচারকক্ষের স্বল্পতা। ১৭৩ জন বিচারককে পালাক্রমে দায়িত্ব পালন করতে হয়, যে কারণে ৩০ লাখ মামলা আটকে রয়েছে। এসব মামলা নিষ্পত্তিতে আইনজীবী ও সরকারের সাড়া পাওয়া গেলে অচিরেই দেশে সান্ধ্য আদালত চালু করা হবে । আজ সকালে সাভারের ব্র্যাক সেন্টারে আয়োজিত বিচার বিভাগীয় কর্মকর্তাদের কাজের যথাযথ মূল্যায়ন ও সাফল্য নির্ধারণের মানদণ্ড বিষয়ক কর্মশালায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এসব কথা বলেন ।
প্রধান বিচারপতি বলেন, দেশে গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা আর মানবাধিকার রক্ষার জন্যে আমাদের সংবিধান পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সংবিধান। আমরা যে কোনো মূল্যে এ সংবিধানের মর্যাদা রক্ষায় বদ্ধপরিকর । পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আমাদের সংবিধানে অবৈধভাবে ক্ষমতা দখলের সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে। বিধান রাখা হয়েছে এ আইন ভঙ্গ করলে সর্বোচ্চ শাস্তির । সুপ্রিম কোর্ট আয়োজিত দুই দিনব্যাপী কর্মশালায় অংশ নিয়েছেন বিভিন্ন পর্যায়ের ৪০ জন বিচার বিভাগীয় কর্মকর্তা।
ইউএসএইডের সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম ।