
নিউজ ডেস্কঃ রংপুরের বিভিন্ন সড়ক, মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সেতু সংলগ্ন নদী ও খাল-বিল থেকে অবৈধভাবে বালু ও মাটি তোলার যেন এক উৎসব চলছে এখন। এলাকাবাসীর আপত্তির মুখেও প্রভাবশালী চক্র তাদের ভয়ভীতি দেখিয়ে প্রতিদিন ৩শ’ থেকে চারশ’ ট্রাক মাটি তুলে নিয়ে যাচ্ছে। এতে একদিকে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, অন্যদিকে হুমকির মুখে পড়ছে সড়ক ও সেতু ছাড়াও জনবসতিপূর্ণ এলাকাগুলো।
জেলা প্রশাসন বলছে, ইতোপূর্বে কয়েকবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। শুষ্ক এই মৌসুমে রংপুরের ঘাঘট নদীর হাজিরহাট ও জাফরগঞ্জ সহ বেশ কয়েকটি পয়েন্ট থেকে অবৈধভাবে মাটি ও বালু তোলার এক মহাউৎসবে মেতে উঠেছে বালু দস্যুরা। এতে করে নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য আর হুমকির মুখে পড়ছে জাফরগঞ্জ সেতুসহ আশপাশের এলাকা। স্থানীয়দের আপত্তির মুখেও বালু দস্যুরা তাদের পুলিশী হয়রানিসহ ভয়ভীতি দেখিয়ে প্রতিদিন অন্তত ৩শ থেকে ৪শ ট্রাক বালু বিক্রি করছে।
বালু উত্তোলনের সরকারী কোনো অনুমোদন না থাকার কথা স্বীকার করে নিয়ে বালু দস্যুদের দাবি সরকারি খাস জমি নয় নিজেদের ব্যক্তিগত জমি থেকেই বালু তুলছেন তারা। রংপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. এ. টি. এম মাহবুব উল করীম বলছেন, ইতোপূর্বে তাদের বিরুদ্ধে বেশ কয়েকবার ব্যবস্থা নেয়া হয়েছে।
মহানগরীর জাফরগঞ্জে ৪টি দমদমায় ৩টি ও নিসবেতগঞ্জের ২টি পয়েন্টসহ মোট ১০টি পয়েন্ট থেকে প্রতিদিন তোলা হচ্ছে এই বালু ।